রাঙ্গুনিয়ায় নতুন ইপিজেড অনুমোদন
বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াজাত অঞ্চলের (বিপিইপিজেড) পরিচালনা পর্ষদ গতকাল রোববার রাঙ্গুনিয়ায় রপ্তানি প্রক্রিয়াজাত অঞ্চল গঠনের অনুমোদন দিয়েছে। এর ফলে বাংলাদেশে আরও একটি বেসরকারি রপ্তানিভিত্তিক শিল্পাঞ্চল প্রতিষ্ঠিত হবে। বিপিইপিজেডের পরিচালনা পর্ষদের ১৭তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।বৈঠকে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডসহ দেশের অন্যান্য রপ্তানি প্রক্রিয়াজাত অঞ্চলের উন্নয়ন সম্পর্কে আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী চট্টগ্রামসহ কোরিয়ান ইপিজেডকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ ৫০০ একর জমি চূড়ান্ত বরাদ্দ দেওয়ার জন্য বিপিইপিজেড কর্তৃপক্ষকে নির্দেশ দেন, যাতে দ্রুত বিনিয়োগের মাধ্যমে কোরিয়ান ইপিজেডে শিল্প গড়ে উঠতে পারে। প্রধানমন্ত্রী কোরিয়ান ইপিজেড কর্তৃপক্ষকে তাদের সব বিনিয়োগ পরিকল্পনা সরকারকে অবগত করার নির্দেশ দেন।বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ এবং সংশ্লিষ্ট সচিবেরা সভায় উপস্থিত ছিলেন। বাসস।