রাঙ্গুনিয়ায় নদী ও খাল থেকে অবাধে ডিমওয়ালা মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নদী ও খাল থেকে স্থানীয় জেলেরা ডিমওয়ালা মাছ ধরে হাট-বাজারে অবাধে বিক্রি করছে। ডিমওয়ালা মাছ ধরা ও বিক্রির ওপর সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জেলেরা তা না মেনে এই মাছ ধরছে। স্থানীয় একাধিক সূত্র জানায়, মাছের বংশবিস্তারের লক্ষ্যে সরকার প্রতিবছর মে মাসের মাঝামাঝি থেকে আগস্ট মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ডিমওয়ালা মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু জেলেরা তা অমান্য করে মাছের প্রজননক্ষেত্র হিসেবে খ্যাত কর্ণফুলী ও ইছামতী নদীসহ বিভিন্ন খাল থেকে ডিমওয়ালা মাছ ধরছে। ডিমওয়ালা মাছ বিক্রির ওপর সরকারি নিষেধাজ্ঞার বিষয়টি বলা হলে উপজেলার রোয়াজার হাটের মাছ ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, কর্ণফুলী নদী, ইছামতী নদী, মুন্দারি খাল ও গোচরা খাল থেকে ডিমওয়ালা মাছ ধরে এনে জেলেরা ব্যবসায়ীদের কাছে পাইকারি বিক্রি করে। এতে ব্যবসায়ীদের দোষ কী? মাছ ধরার সময় জেলেদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই তো হয়। ইছাখালি জেলেপল্লির টুন্টু জলদাস বলেন, মাছের বংশবৃদ্ধির লক্ষ্যে সরকার প্রতিবছর ডিমওয়ালা মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করলেও জেলেদের বেঁচে থাকার বিষয়ে কোনো আদেশ জারি করেনি। জেলেরা যদি অন্তত কাজ করে বেঁচে থাকার সুযোগ পেত, তাহলে ডিমওয়ালা মাছ ধরার মতো আত্মঘাতী কাজ করা থেকে তারা বিরত থাকত। উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, প্রতিবছর মে মাসের মাঝামাঝি সময়ে মা-মাছেরা প্রাকৃতিকভাবে নদীতে ডিম ছাড়ে। ফলে মা-মাছের প্রজননক্ষেত্র হিসেবে খ্যাত কর্ণফুলী নদী, ইছামতী নদী, মুন্দারি খাল ও গোচরা খাল থেকে ডিমওয়ালা মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। শুধু তাই নয়, এসব নদী বা খাল থেকে ডিমওয়ালা মাছ না ধরার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচিও পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, ডিমওয়ালা মাছ রক্ষার জন্য সরকার ইতিমধ্যে হালদা প্রকল্পের আওতায় রাঙ্গুনিয়া উপজেলার এক হাজার ১০০ জেলেকে অর্থ ও খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে। এ প্রকল্প শিগগিরই বাস্তবায়ন হবে।