রাঙ্গুনিয়ায় নির্বিচারে গাছ কর্তন
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড় ও সমতলে বেড়ে ওঠা গাছ নির্বিচারে কেটে ফেলছে। জানুয়ারি মাসের শুরু থেকে গাছ কাটার প্রবণতা বেড়েছে। এলাকাবাসী জানান, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের খুরুশিয়া, রাঙ্গুনিয়া ও ইছামতি রেঞ্জের পাহাড়ে গড়ে তোলা সংরক্ষিত বনাঞ্চল, সামাজিক বনায়ন এবং ইউনিয়ন ও পৌরসভার সমতলে গড়ে তোলা বাগান থেকে গাছ কাটা চলছে। যা চিরাই করার জন্য করাতকলগুলোতে মজুদ করা হচ্ছে। উপজেলা পরিষদ সূত্র জানায়, রাঙ্গুনিয়ার প্রত্যন্ত এলাকায় ৭৩টি করাতকল রয়েছে। যেখানে আসবাবপত্র তৈরির জন্য গাছ চিরাই করা হয়। সেখান থেকে সারা দেশে পাচার করা হয় কাঠ। সরেজমিনে দেখা যায়, পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন স্থানের করাতকলগুলোতে কাঠ স্তূপ করে রাখা হয়েছে। এতে আম, জাম, কড়ই, মেহগনি, আকাশমনি, চাপালিশ, গামারি, সেগুনসহ নানা মূল্যবান গাছ রয়েছে।গাছ ব্যবসায়ী নুরুল ইসলাম (৪৩) বলেন, গত দুই মাসে উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে নির্বিচারে গাছ কাটা হয়েছে। ১৫ জানুয়ারি থেকে পৌরসভার জাকিরাবাদ এলাকা থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের নানা প্রজাতির দুই শতাধিক গাছ কাটা হয়েছে। পৌরসদরের করাতকল পরিচালক কামাল উদ্দিন বলেন, উপজেলার প্রতিটি করাতকলে ৮০ লাখ থেকে দেড় কোটি টাকার কাঠ মজুদ রয়েছে। এর আগে কখনো এত কাঠ মজুদ ছিল না। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা আমির হামজা বলেন, বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল ও সমতল থেকে সমানতালে গাছ কেটে ফেলছে দুর্বৃত্তরা। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক কৃষ্ণপদ সাহা বলেন, রাঙ্গুনিয়ায় এতগুলো করাতকল আছে তা আমার জানা নেই। পৌরসভা ছাড়া অন্য কোথাও করাতকল থাকার কথা নয়। এসব করাতকলে অভিযান চালিয়ে মজুদ কাঠ জব্দ করা হবে।