রাঙ্গুনিয়ায় পশুর হাটে ক্রেতাকে বেঁধে হাসিল আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কোরবানির পশুর হাটগুলোতে ইজারাদারদের দাপট বেড়েই চলছে। ক্রেতাদের কাছ থেকে তাঁরা ইচ্ছেমতো হাসিল (টোল) আদায় করছেন। দাবি করা হাসিল দিতে রাজি না হওয়ায় গত রোববার আবদুর রশিদ নামের এক ক্রেতাকে বেঁধে রেখে তাঁরা হাসিল আদায় করেছেন। আবদুর রশিদ জানান, উপজেলার রাজারহাট থেকে রোববার বিকেলে তিনি ২৫ হাজার টাকায় একটি গরু কেনেন। ইজারাদারের রসিদ লেখক ফরিদ আহমদ শতকরা ১০ টাকা হারে তাঁর কাছে দুই হাজার ৫০০ টাকা হাসিল দাবি করেন। এত বেশি হাসিল দিতে না চাইলে সাত-আটজন লোক তাঁর সঙ্গে তর্ক শুরু করেন। একপর্যায়ে ফরিদের নির্দেশে তাঁরা তাঁর হাত বেঁধে রাখেন। পরে ওই টাকা দিয়ে তিনি ছাড়া পান। নাম প্রকাশে অনিচ্ছুক রাজারহাট ইজারাদারদের এক প্রতিনিধি জানান, উপজেলা প্রশাসন গরু-মহিষের ওপর চার টাকা ও ছাগলের ওপর দুই টাকা হারে হাসিল আদায়ের নির্দেশ দিয়েছে। কিন্তু ইজারাদারেরা গরু-মহিষের ওপর ১০ টাকা ও ছাগলের ওপর পাঁচ টাকা হারে হাসিল আদায় করছেন। তিনি আরও বলেন, দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারগাঁও গ্রামের বাসিন্দা আবদুর রশিদকে বেঁধে রেখে ইজারাদারেরা গরুর জন্য ১০ টাকা হারে হাসিল আদায় করেন। সূত্র আরও জানায়, শুধু রাজারহাট নয়, উপজেলার সব হাটবাজারে কোরবানির পশু থেকে ইচ্ছেমতো হাসিল আদায় করছেন ইজারাদারেরা। ক্রেতারা জানান, উপজেলার রোয়াজার হাটে গরু-মহিষ থেকে শতকরা পাঁচ ও ছাগল থেকে চার টাকা হারে হাসিল আদায় করা হলেও অন্য হাটবাজারে হাসিল আদায়ের হার প্রায় দ্বিগুণ, যা ইজারাদারেরা দাপট খাটিয়ে আদায় করছেন। হাসিল আদায়ের জন্য প্রতিটি বাজারে ইজারাদারের শতাধিক কর্মচারী নিযুক্ত রয়েছেন। এ ব্যাপারে রোয়াজার হাটের ইজারাদার মোজাম্মেল হক চৌধুরী বলেন, হাসিল নির্ধারণে সরকারি কোনো নিয়মনীতি নেই। বাজার ইজারার অর্থ সমন্বয় করে গরু-মহিষের ওপর পাঁচ টাকা ও ছাগলের ওপর চার টাকা হারে হাসিল আদায় করা হচ্ছে। এ ব্যাপারে কথা বলার জন্য রাজারহাটে গিয়েও ইজারাদার আবদুস সাত্তারকে পাওয়া যায়নি। ইজারাদারের রসিদ লেখক ফরিদ আহমদ জানান, ইজারাদারের নির্দেশে গরু-মহিষ থেকে ১০ টাকা ও ছাগল থেকে পাঁচ টাকা হারে হাসিল আদায় করা হচ্ছে। এর কম হলে শুধু বেঁধে রেখে নয়, যেভাবে পারেন তিনি নির্ধারিত হাসিল আদায় করবেন। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, নিলাম করা অর্থের ওপর ভিত্তি করে হাসিল নির্ধারণের কথা বলা হয় ইজারাদারদের। তবে তা গরু-মহিষের ওপর শতকরা চার টাকা ও ছাগলের ওপর দুই টাকার বেশি নয়। এর বেশি হাসিল আদায় করা বেআইনি। ক্রেতা বেঁধে রেখে হাসিল আদায় করা সম্পূর্ণ অমানবিক। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।