রাঙ্গুনিয়ায় পাহাড় কেটে বসতঘর তৈরি চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভায় পাহাড় কেটে বসতঘর তৈরি চলছেই। প্রতিদিন পাহাড় কেটে সাবাড় করা হলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।এলাকাবাসী জানান, প্রভাবশালী ব্যক্তিরা রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে পৌরসভার ইছাখালি, জাকিরাবাদ, উত্তর নোয়াগাঁও, দক্ষিণ নোয়াগাঁও এলাকায় পাহাড় কেটে বসতঘর তৈরি করছে। তাদের কেউ কেউ এসব জমি দখলস্বত্ব হিসেবে বিক্রি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। সরেজমিনে দেখা যায়, ইছাখালি মোহামঞ্চদপুর এলাকায় পাহাড় কেটে ঘর তৈরির হিড়িক চলছে। পাঁচ-ছয় দিন ধরে মোক্তার, শিমুল ও বেলালসহ কয়েকজন লোক পাহাড় কেটে বসতঘর তৈরি করছেন। গত পাঁচ বছরে ওই এলাকায় পাহাড় কেটে বসতঘর তৈরি করে দুই শতাধিক পরিবার বসবাস করছে। পাহাড় কেটে বসতঘর তৈরি করছে উত্তর নোয়াগাঁও, জাকিরাবাদ, গুচ্ছগ্রামেও। মোক্তার, শিমুল, বেলালসহ অনেকেই বলেন, তাঁদের অধিকাংশ নদীভাঙা ও ভূমিহীন পরিবার। যারা মাথা গোঁজার ঠাঁই হারিয়ে বাধ্য হয়ে পাহাড়ি জমি কিনে মাটি কেটে বসতঘর তৈরি করছে। এ জন্য পুলিশ প্রশাসন ও ভূমি অফিসের লোকজনকে টাকা দিতে হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক রাঙ্গুনিয়া উপজেলা ভূমি কার্যালয়ের এক কর্মকর্তা জানান, পৌরসভার পাঁচটি ওয়ার্ডের বিভিন্ন স্থানে পাহাড় কেটে বসতঘর তৈরির হিড়িক পড়লেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। পৌরসভা কর্তৃপক্ষও কোনো ব্যবস্থা নিচ্ছে না। পৌর মেয়র খলিলুর রহমান চৌধুরী বলেন, পরিবেশ রক্ষায় পাহাড় কাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। তবে পাহাড় কাটা বন্ধে উপজেলা প্রশাসনের দায়িত্ব বেশি। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, পাহাড় কাটার ব্যাপারে কিছুই জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জাফর আহমদ বলেন, পাহাড় কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।