রাঙ্গুনিয়ায় পাহাড় কেটে বসতঘর নির্মাণ চলছেই!
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় নির্বিচারে পাহাড় ও টিলা কেটে বসতঘর নির্মাণ চলছেই। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এসব বসতঘর নির্মাণ করে আসছেন।একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার ১৫ ইউনিয়ন ও পৌরসভার পাঁচটি এলাকার (ওয়ার্ড) সংরক্ষিত বনাঞ্চল ও জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন পাহাড় ও টিলা নির্বিচারে কেটে সমতল করে বসতঘর তৈরি করা হচ্ছে। এতে উপজেলার প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে রয়েছে।উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের হিসাব অনুযায়ী, বন বিভাগ ও জেলা প্রশাসকের নিয়ন্ত্রণাধীন প্রায় ১৫ হাজার একর বনভূমি রয়েছে। স্থানীয় সূত্রমতে, এর এক-তৃতীয়াংশ এখন প্রভাবশালী ব্যক্তিদের দখলে চলে গেছে। এসব এলাকায় পাহাড় ও টিলা কেটে ১৫ হাজারেরও বেশি বসতঘর নির্মাণ করা হয়েছে। পদুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, গত ১০ বছরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাহাড় কেটে প্রায় তিন হাজার বসতঘর তোলা হয়েছে। এলাকাবাসী জানান, উপজেলার সরফভাটা ইউনিয়নের পূর্ব সরফভাটা কালুশাহ নগর, মধ্যম সরফভাটা, পোমরা ইউনিয়নের জঙ্গল পোমরা, চন্দ্রঘোনা ইউনিয়নের বনগ্রাম, উত্তর রাজানগর ইউনিয়নের তারাবুনিয়া, হালিমপুর, চা-বাগান, ইসলামপুর ইউনিয়নের ঘাগড়া, পেয়ার মোহামঞ্চদ পাড়া, দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহামঞ্চদপুর, নোয়াগাঁও, লালানগর ইউনিয়নের জঙ্গল নিচিন্তাপুর, হোচনাবাদ ইউনিয়নের নিচিন্তাপুর, পৌরসভা সদর ইছাখালী জাকিরাবাদ, মোহামঞ্চদপুর, কাদেরনগর, পারুয়া ইউনিয়নের জঙ্গল পারুয়া, কোকানিয়া এলাকায় সংরক্ষিত বনাঞ্চল এবং জেলা প্রশাসকের নিয়ন্ত্রণাধীন বহু পাহাড় ও টিলা জবরদখল করে নির্বিচারে কেটে বসতঘর তোলার হিড়িক পড়েছে। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক কৃষ্ণপদ সাহা বলেন, বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ, খুরুশিয়া রেঞ্জ ও ইছামতী রেঞ্জের আওতাধীন সংরক্ষিত বনাঞ্চলের পাহাড়ি জায়গা বেদখল করে অনেক আগেই হাজার হাজার অবৈধ বসতঘর নির্মাণ করা হয়েছে। বসতঘর নির্মাণকারীদের উচ্ছেদের জন্য একাধিকবার নোটিশ দিয়েও কোনো লাভ হয়নি। উচ্ছেদ করার পর আবার দখল করে বসতঘর নির্মাণ করা হয়। নতুন করে বসতঘর নির্মাণও অব্যাহত আছে। তবে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী বলেন, ‘জেলা প্রশাসকের নিয়ন্ত্রণাধীন জমি পাহাড় হোক আর টিলা হোক, তা কেটে বসতঘর করার খবর যখনই পাই, তখনই বাধা দেওয়া হয়। পাহাড় বা টিলা কাটার ব্যাপারে তথ্য পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’