রাঙ্গুনিয়ায় পাহাড় থেকে শতাধিক গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার নোয়াগাঁও এলাকার পাহাড়ে ব্যক্তি মালিকানাধীন বাগান থেকে গত মঙ্গলবার শতাধিক গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ব্যাপারে বাগানের মালিক মোহাম্মদ আলী রাঙ্গুনিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন। তিনি দাবি করেছেন, তাঁর বাগান থেকে চার শতাধিক গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে তাঁর দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। সরেজমিনে শতাধিক গাছ কাটার আলামত পাওয়া গেছে।মোহাম্মদ আলী জানান, নোয়াগাঁও পৌর এলাকার পাহাড়ে বন্দোবস্ত পাওয়া প্রায় চার একর জমিতে তিনি বাগান করেন। তিনি অভিযোগ করেন, উত্তর নোয়াগাঁও গ্রামের ফোরক আহমদ ২০ থেকে ২১ জন সহযোগী নিয়ে গত মঙ্গলবার সকাল থেকে তাঁর বাগানের গাছ কেটে নিয়ে যেতে শুরু করেন। খবর পেয়ে বিকেলের দিকে বাধা দিতে গেলে দুর্বৃত্তরা দা, কিরিচ নিয়ে তাঁর দিকে ছুটে আসে। প্রাণভয়ে পালিয়ে যান তিনি। সন্ধ্যা সাতটার দিকে ফোরক আহমদসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।গত বুধবার সকালে সরেজমিন দেখা গেছে, বাগানের মধ্যে গামারি, আকাশমণি, কড়াই, মেহগনিসহ বিভিন্ন জাতের শতাধিক কাটা গাছের স্তূপ। কিন্তু গাছ কাটায় জড়িত কাউকে এ সময় দেখা যায়নি। তবে বাগানের মধ্যে অসংখ্য কাটা গাছের গোড়া দেখা গেছে। অভিযুক্ত ফোরক আহমদ বলেন, ‘বাগান থেকে গাছ কাটার সঙ্গে আমি বা আমার সহযোগী কেউ জড়িত নয়। বাগানে কেটে রাখা গাছ জালাল আহমদ নামে অন্য এক ব্যক্তির, যা মোহাম্মদ আলীর বাগান থেকেও কাটা হয়নি।’ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান প্রথম আলোকে বলেন, অভিযোগটি তদন্ত করা হচ্ছে। গাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি মীমাংসার জন্য অভিযুক্তদের থানায় হাজিরের নোটিশ দেওয়া হয়েছে।চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের কর্মকর্তা আবদুল মান্নান বলেন, ‘গাছ কাটার কথা শুনেছি। তবে নিয়ম অনুযায়ী পাহাড়ের ব্যক্তি মালিকানাধীন বাগান থেকে গাছ কাটার জন্য বন বিভাগের অনুমতির প্রয়োজন রয়েছে। আর এ গাছ কাটার জন্য কেউ অনুমতি নেয়নি।’