রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে মৃত্যুর ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে তিনজনের মৃত্যুর ঘটনায় আজ রোববার সকালে মামলা হয়েছে। চট্টগ্রাম উত্তর বন বিভাগের ইছামতী রেঞ্জের নিশ্চিন্তপুর বিট কর্মকর্তা গোলাম মোস্তফা বাদী হয়ে ছয়জনকে আসামি করে রাঙ্গুনিয়ায় থানায় মামলাটি করেন।

আসামিরা হলেন মো. দুদু মিয়া (২৫), মো. মোরশেদ (৩০), মো. রফু (২৫), মো. জাহাঙ্গীর (২৫), মো. আজাদ (২৫) ও মো. বাচা (২৬)। আসামিদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ রাজা নগর ইউনিয়নের ৪ নম্বর ও ৬ ওয়ার্ডের মুহাম্মদপুর ও আফজলের পাড়া এলাকায়।

এদিকে আজ দুপুর ১২টার দিকে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলোয়ার হোসেন, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল হোসেন এবং রাঙ্গুনিয়া সহকারী কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন।

গতকাল শনিবার দুপুরে রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার সময় ধসে শিশুসহ তিনজন নিহত হয়।