রাঙ্গুনিয়ায় পাহাড়ে ঝুঁকি নিয়ে পাঁচ হাজার পরিবারের বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পাহাড়ে ঝুঁকি নিয়ে বাস করছে প্রায় পাঁচ হাজার পরিবার। ১৮ জুলাই থেকে টানা বর্ষণের ফলে কয়েকটি এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ কারণে তাদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার ১৫ ইউনিয়ন ও পৌরসভায় প্রায় ২৪ হাজার একর পাহাড়ি ভূমি রয়েছে। সংঘবদ্ধ চোরের দল এসব পাহাড়ি ভূমি থেকে গাছ কেটে উজাড় করে ফেলেছে। এমনকি তারা পাহাড়ি ভূমি দখল করে মাটি বিক্রি ও মোটা অঙ্কের বিনিময়ে ভূমি বিক্রি করে নগদ অর্থ হাতিয়ে নিয়েছে।এলাকাবাসীরা জানায়, উপজেলার প্রত্যন্ত এলাকার পাহাড় থেকে স্থানীয় কয়েকজন প্র্রভাবশালী গত ১০-১১ বছর ধরে ব্যাপকভাবে মাটি কেটে বিক্রি করছেন। ১৮ জুলাই থেকে টানা বর্ষণে অধিকাংশ মাটি কাটা অংশে পাহাড়ের মাটি ধসে পড়ে। এসব পাহাড়ের চূড়া অথবা পাদদেশে শত শত বসতঘর রয়েছে। এসব বসতঘর মৃত্যুর ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষ বসবাস করছে। পারুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী জানান, জঙ্গল পারুয়া গ্রামের পাহাড়ে প্রায় ৪০০ পরিবার বসবাস করছে। যারা বর্ষার পানির তোড়ে পাহাড় ধসের ঝুঁকির মুখে রয়েছে। গত কয়েক দিনের বর্ষণে এসব এলাকার আট-নয়টি স্থানে পাহাড় ধসে পড়েছে। রাঙ্গুনিয়া পৌর কাউন্সিলর নাসির উদ্দিন জানান, গত বছর বর্ষায় নোয়াগাঁও পৌর এলাকায় পাহাড় ধসে আটটি বসতঘর চাপা পড়ে। মাটি সরিয়ে নিয়ে কোনো রকমে রক্ষা পায় আট পরিবারের লোকজন। তবুও পরিবারগুলো মৃত্যু-ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করছে। পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন শাহ জানান, ইছাখালী, জাকিরাবাদ, কাদেরনগর ও নোয়াগাঁও পৌর এলাকায় পাহাড়ে বসবাস করছে প্রায় ৫০০ পরিবার। যারা পাহাড় কেটে বসতঘর তৈরি করে বাস করছে। ১৮ জুলাই থেকে টানা বর্ষণে এ এলাকার চারটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে। পাহাড়ে বসতঘর নির্মাণ করে বসবাসকারী আয়েশা খাতুন (৪৫) নামের এক নারী জানান, গত বছর বর্ষায় পাহাড়ের মাটি ধসে বসতঘরের নিচে চাপা পড়ে তাঁর চার বছরের শিশু আবদুল কাদেরের কোমর ভেঙে যায়। সরেজমিনে দেখা যায়, উপজেলার বেতাগি ইউনিয়নের কমিউনিটি সেন্টার, জঙ্গল বেতাগি গ্রামের কয়েকটি স্থানে পাহাড় ধসে পড়েছে। এসব পাহাড়ে মৃত্যু-ঝুঁকি নিয়ে বাস করছে শতশত পরিবার। একইভাবে উপজেলার উত্তর রাজানগর, দক্ষিণ রাজানগর, ইসলামপুর, লালানগর, হোসনাবাদ ইউনিয়নের নিচিন্তাপুর, পোমরা, সরফভাটা, শিলক ও পদুয়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় পাহাড় কেটে বসতঘর তৈরি করে বাস করছে তিন হাজারেরও বেশি পরিবার। কয়েকজনের সঙ্গে আলাপ করে জানা যায়, তাদের অধিকাংশই নদীভাঙা ও ভূমিহীন পরিবার। নিরুপায় হয়ে কমমূল্যে দখলস্বত্ব হিসেবে পাহাড়ি ভূমি ক্রয় করে বসতঘর গড়ে তুলে মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছেন তারা। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী বলেন, ১৮ জুলাই থেকে টানা বর্ষণে উপজেলার প্রত্যন্ত এলাকার প্রায় ৩০ থেকে ৩২টি স্থানে পাহাড় ধসে পড়েছে। দুর্ঘটনা এড়াতে বসবাসকারীদের সতর্ক করা হয়েছে। এ নিয়ে চরম উৎকণ্ঠায় দিন যাচ্ছে।