রাঙ্গুনিয়ায় পুকুর-দিঘি ভরাট করে ভবন নির্মাণ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার প্রত্যন্ত এলাকায় পুকুর, দিঘি, খাল-বিলসহ নিচু এলাকা ভরাট করে ভবন নির্মাণ চলছে। চার-পাঁচ বছর ধরে নির্মিত ভবনগুলো ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। এলাকাবাসী জানায়, উপজেলার ১৫ ইউনিয়ন ও পৌরসভার ৯ ওয়ার্ডে বহু পুকুর, দিঘি, খাল-বিল বালু বা পাহাড়ি মাটি দিয়ে ভরাট করে ভবন নির্মাণ করা হচ্ছে। গত পাঁচ বছরে শতাধিক পাকা ভবন নির্মাণ করা হয়েছে। এ সংখ্যা দিন দিন বাড়ছে। পৌরসভা কার্যালয় সূত্র জানায়, ২০০৮ সাল থেকে পৌরসভায় ১৭টি পুকুর ও বিলের ১৩৪টি স্থান, ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় ৯২৩টি পুকুর, ১৩টি দিঘি ভরাট করে ভবন নির্মাণ করা হয়েছে, যার একটিরও বিল্ডিং কোড নীতিমালা অনুসরণ করা হয়নি। রাঙ্গুনিয়া উপজেলা প্রকৌশল কর্মকর্তা হাসান আলী জানান, পৌরসভা ও উপজেলার প্রত্যন্ত এলাকায় যেসব ভবন গড়ে উঠেছে, তার অধিকাংশই হাতুড়ে কারিগর দিয়ে করা হয়েছে। তারা ভরাট করা জায়গায় কোনো প্রযুক্তি ছাড়াই ভবন নির্মাণ করছে। তিনি বলেন, ভরাট করা পুকুর, দিঘি, খাল-বিল অধিকাংশই নদীর বালু ও পাহাড়ের মাটি দিয়ে ভরাট করা হয়েছে। ভরাট করা জায়গায় নির্মিত সব ভবন ঝুঁকিপূর্ণ। ভবনের মালিকেরা এ ব্যাপারে সচেতন নয় বলে জানান তিনি। ইছাখালী পৌর এলাকায় নির্মিত পাঁচতলা ভবনের মালিক নুর উদ্দিন জানান, সাত ফুট গভীর বিল বালু দিয়ে ভরাট করে ভবন করেছেন তিনি। প্রকৌশলীর তৈরি ম্যাপ অনুযায়ী ভবনটি নির্মাণ করেন রাজমিস্ত্রিরা। ভবনটি দশম তলা পর্যন্ত হবে। ষষ্ঠ তলার কাজ চলছে। ভবনটি ঝুঁকিপূর্ণ কি না, তিনি তা জানেন না বলে জানান। সরফভাটা ইউনিয়নের ভূমিরখীল গ্রামে ২০০৯ সালে পাহাড়ের মাটি দিয়ে ১৫ ফুট গভীর পুকুর ভরাট করে পাকা ভবন নির্মাণ করেন প্রবাসী আনোয়ার হোসেন। তিনতলা ভবনটি এখন তিন ফুট দেবে গেছে বলে জানান তিনি।নাম প্রকাশে অনিচ্ছুক একজন পৌর প্রকৌশলী বলেন, পুকুর ভরাট করে ভবন নির্মাণ করায় ইছাখালী আপন কমিউনিটি সেন্টার, নূরজাহান কমিউনিটি সেন্টার, সাকোজা কমিউনিটি সেন্টার, রোয়াজারহাট রুবেল সুপার মার্কেট, চন্দ্রঘোনা আসকান কমপ্লেক্স, আলম মার্কেট, পোমরা তালুকদার ভবন, মরিয়মনগর সফিক কুঞ্জ ভবনসহ শতাধিক ভবন ঝুঁকিপূর্ণ রয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, পুকুর, দিঘি, খাল-বিল ভরাট করে ভবন নির্মাণের ক্ষেত্রে নিয়মনীতি অনুসরণের বিষয় রয়েছে। ঝুঁকিপূর্ণ ভবন নিরূপণসহ এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।