রাঙ্গুনিয়ায় প্রকল্প ঝুলে আছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নদীভাঙন রোধে জলবায়ু তহবিলের ২১ কোটি টাকার প্রকল্প ঝুলে আছে। ২০০৯-১০ অর্থবছরে প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজের অগ্রগতি তেমন কিছুই হয়নি। টাকা ছাড় না দেওয়ায় প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে নিতে পারছে না পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এলাকাবাসী সূত্র জানায়, দুই দশক ধরে কর্ণফুলী ও ইছামতী নদীর ভাঙনে রাঙ্গুনিয়ার বিস্তীর্ণ এলাকা বিলীন হচ্ছে। জনসাধারণের অনুরোধের পরিপ্রেক্ষিতে স্থানীয় সাংসদ এবং পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ জলবায়ু তহবিল থেকে প্রায় ২১ কোটি টাকার প্রকল্প বরাদ্দ দেন। পাউবোর রাঙ্গুনিয়া আঞ্চলিক কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন জানান, জলবায়ু তহবিলের আওতায় পাউবো ২০০৯-১০ অর্থবছরে কর্ণফুলী নদীর বাঁ তীরের সরফভাটা, ডান তীরের মরিয়মনগর ও বেতাগি এবং ইছামতী নদীর ডান তীরের স্বনির্ভর ইউনিয়নের পশ্চিম শান্তিনিকেতন, বাঁ তীরের পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া ও পূর্ব সাহাব্দিনগর গ্রামের গোয়াছপাড়া এলাকার ভাঙন রোধে ব্লক বসানোর উদ্যোগ নেওয়া হয়। এতে প্রকল্প বাস্তবায়ন কাজের ব্যয় ধরা হয় ২০ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা। পাউবোর নিবন্ধিত ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স এমরান এন্টারপ্রাইজ প্রকল্পের কাজ পায়। প্রতিষ্ঠানটি যথাসময়ে কাজ শুরু না করে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেয় সিয়াম অ্যান্ড ব্রাদার্স নামের অপর একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে। তারা প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগে ইছামতী নদীর ডান তীরের স্বনির্ভর ইউনিয়নের পশ্চিম শান্তিনিকেতন ও পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া ও পূর্ব সাহাব্দিনগর গ্রামের গোয়াছপাড়া এলাকায় ব্লক তৈরির কাজ শুরু করলেও সরফভাটা, মরিয়মনগর ও বেতাগি ইউনিয়নে প্রকল্পের কোনো কাজ এখনো শুরু করেনি।পারুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুস সাত্তার বলেন, যথাসময়ে ব্লক না বসানোয় এলাকার বিস্তীর্ণ ফসলি জমি ও ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে।ঠিকাদার মাহবুব ছাফা বলেন, পাউবো প্রকল্পের অর্থ ছাড় না দেওয়ায় কাজ এগোচ্ছে না। প্রকল্পের অর্থ ছাড় ও মেয়াদ বাড়ানোর জন্য ইতিমধ্যে আবেদন করা হয়েছে বলে জানান তিনি।প্রকল্প পরিচালক ও পাউবোর রাঙামাটি জেলার পরিচালন ও রক্ষণাবেক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর বলেন, জলবায়ু তহবিল থেকে ২০০৯-১০ অর্থবছরে প্রকল্পটির বরাদ্দ করা অর্থের মাত্র দুই কোটি সাত লাখ টাকা ছাড় দেওয়া হয়েছে। এর মধ্যে এক কোটি ৬৯ লাখ টাকা ব্যয় করা হয়েছে। বাকি টাকা ছাড় না দেওয়ায় কাজ এগোচ্ছে না।