রাঙ্গুনিয়ায় প্রবাসীর ঘর পুড়িয়ে দিল সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার মধ্যম সৈয়দবাড়ী পৌর এলাকায় প্রবাসী ফজল করিমের ঘর পুড়িয়ে দিয়েছে একদল সন্ত্রাসী। চাঁদা দাবি করে না পেয়ে গতকাল রোববার ভোরে তারা এ ঘটনা ঘটায়। এ ঘটনায় ফজল করিমের আত্মীয় মো. হাছান একই দিন রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করেছেন। মো. হাছান জানান, মধ্যম সৈয়দবাড়ী পৌর এলাকার কয়েকজন অজ্ঞাতনামা সন্ত্রাসী ফজল করিমের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় সন্ত্রাসীরা প্রবাসী ফজল করিমকে প্রাণনাশের হুমকি দেয়। প্রাণভয়ে ফজল করিম ২০০৯ সালের ডিসেম্বর মাসে মধ্যপ্রাচ্যে চলে যান। সন্ত্রাসীদের হুমকির মুখে ফজল করিমের পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। এ অবস্থায় গতকাল ভোর চারটায় সন্ত্রাসীরা আগুন দিয়ে ফজল করিমের বসতঘর পুড়িয়ে দেয়। এতে প্রায় চার লাখ টাকার মালামাল পুড়ে যায়। এ ঘটনায় তিনি থানায় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হবে।