রাঙ্গুনিয়ায় প্রাইভেট পড়ানো নিয়ে ছাত্রকে মারধরের অভিযোগ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র নাঈমুল হাসানকে প্রাইভেট পড়ানো কেন্দ্র করে ওই স্কুলের সহকারী শিক্ষক মিজানুর রহমান মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নাঈমুলের বড় ভাই কামরুল হাসান গত মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন। নাঈমুল হাসান বলেন, ‘মিজানুর স্যার তাঁর কাছে ইংরেজি বিষয়ে প্রাইভেট পড়তে বলেন। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে প্রাইভেট পড়ায় তিনি আমার ওপর ক্ষিপ্ত হন। গত মঙ্গলবার একটি ইংরেজি বাক্য গঠন করার পর হয়নি বলেন তিনি। প্রাইভেট স্যার এভাবেই শিখিয়েছে বললে তিনি আমার পেটে ও মাথায় কিল, ঘুষি এবং গালে চড়-থাপড় মারেন। এতে চোখের চশমাটি ভেঙে যায়। ফলে চারপাশ অন্ধকার দেখে আমি মাটিতে লুটিয়ে পড়ি।’ কামরুল হাসান জানান, নাঈমুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবু হানিফ জানান, মারধরে নাঈমুলের মুখ ফুলে গেছে। তাঁকে মাথার সিটিস্ক্যান করতে বলা হয়েছে। মিজানুর রহমান দাবি করেন, কোনো ছাত্রকে তিনি মারধর করেননি। নাঈমুল নামে কোনো ছাত্রকে তিনি চেনেন না।