রাঙ্গুনিয়ায় বন্য হাতির দল গিলে খাচ্ছে আমন ফসল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চার ইউনিয়নে বন্য হাতির দল গিলে খাচ্ছে আমন ফসল। গত এক সপ্তাহ ধরে এসব ইউনিয়নের বিভিন্ন বিলের প্রায় এক হাজার ৫০০ একর জমির আমন ফসল খেয়ে শেষ করে ফেলেছে। অথচ ঘরবাড়ি ভাঙচুরের ভয়ে কেউ হাতি তাড়াতে সাহস করছে না।কৃষকেরা জানান, চলতি সপ্তাহের শুরু থেকে উপজেলার পদুয়া, শিলক, সরফভাটা ও কোদালা ইউনিয়নের বিভিন্ন বিলে বন্য হাতির দল হানা দিয়ে আমন ফসল খেয়ে তছনছ করছে। ৬০-৬৫টি বন্য হাতি প্রতিদিন সন্ধ্যায় নেমে রাতভর আমন ধান খেয়ে ভোরের দিকে পাহাড়ে চলে যায়। শিলক ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ চৌধুরী ওরফে আইয়ুব খান জানান, ১৬ অক্টোবর সকাল নয়টায় ৫৫-৫৬টি বন্য হাতির একটি দল শিলক তৈলভাঙ্গা বিলে নেমে আসে। হাতির দল এ সময় বিলের পাকা আমন ধান খেয়ে তছনছ করে। চাষিরা আমন ফসল রক্ষায় ছুটে গেলে বন্য হাতির দল উল্টো তাদের তাড়া করে। বন্য হাতিরা এ পর্যন্ত বিলের প্রায় ৪০০ একর জমির আমন ফসল খেয়ে নষ্ট করেছে।সলফভাটা ইউপি চেয়ারম্যান মুজবুল ইসলাম সরফি জানান, ১৭ অক্টোবর ৪০-৪৫টি বন্য হাতির একটি দল ইউনিয়নের জঙ্গল সরফভাটা, বড়খোলা ও নারিশ্চা বিলে হানা দেয়। বিলের প্রায় ২০০ থেকে ২৫০ একর জমির আমন ফসল খেয়ে ফেলে। পদুয়া ইউপির চেয়ারম্যান নাসির উদ্দিন সেলিম জানান, গত এক সপ্তাহ ধরে ৭০-৭৫টি বন্য হাতির একটি দল পদুয়া ইউনিয়নের ফলাহারিয়া, নাপিতপুকুরিয়া, সুখবিলাস, দশমাইল, উদলবুনিয়া, দুধপুকুরিয়াসহ কয়েকটি বিলের প্রায় ৯০০ একর জমির আমন ফসল খেয়ে নষ্ট করে ফেলেছে।রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আক্তারুজ্জামান এ প্রসঙ্গে বলেন, বন্য হাতির দল চার ইউনিয়নের বিলের আমন ফসল খেয়ে চললেও কেউ তাড়ানোর চেষ্টা করছে না। কারণ, বন্য হাতি তাড়াতে গেলে উল্টো তেড়ে আসে। ফলে প্রাণভয়ে কেউ হাতি তাড়াতে সাহস করছে না। বিষয়টি জেনেও নীরব ভূমিকা পালক করছে বন বিভাগ।চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা আমির হামজা জানান, উপজেলার চার ইউনিয়নে বন্য হাতির উৎপাত প্রতিবছর লেগেই আছে। গত বছর এ উৎপাত তেমন ছিল না। তবে চলতি মৌসুমে আমন ধান পাকতে শুরু করায় বন্য হাতির দল পাহাড় থেকে লোকালয়ে নেমে আসছে। হাতিগুলোকে তাড়ালে জনবসতিতে হানা দিয়ে ঘরবাড়ি ভাঙচুর, গবাদিপশু ও মানুষকে আক্রমণ করে। তাই তাড়ানোর চেয়ে না তাড়ানো ভালো। বরং হাতি থেকে ফসল বাঁচানোর অন্য কোনো কৌশল নেওয়া শ্রেয় বলে মত প্রকাশ করেন তিনি।