চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সহসভাপতি শহীদুল্লাহ চৌধুরী ওরফে আইয়ুব খানকে গতকাল শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেলে উপজেলা বিএনপির তিন নেতা রাঙ্গুনিয়া থানা থেকে আইয়ুবকে ছাড়িয়ে নিতে এলে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতারা তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।পুলিশ জানায়, উপজেলার শিলক তদন্তকেন্দ্রের একদল পুলিশ গতকাল শিলক ইউনিয়নের শিলক রাস্তার মাথা থেকে আইয়ুবকে গ্রেপ্তার করে রাঙ্গুনিয়া থানাহাজতে নিয়ে যায়। শিলক তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান জানান, গত ১৬ ফেব্রুয়ারি রাতে শিলক ইউনিয়নের রাজাপাড়া গ্রাম থেকে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহজাহান সিকদারকে গ্রেপ্তার করা হয়। তাঁকে থানায় নেওয়ার সময় বিএনপির সমর্থিত সন্ত্রাসীরা পুলিশের দুই কর্মকর্তাকে কুপিয়ে আহত করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। ওই মামলায় আইয়ুব খানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় ডাকাতি, চাঁদাবাজি ও হামলার ঘটনায় আরও চারটি মামলা রয়েছে।এদিকে স্থানীয় বিএনপির নেতারা অভিযোগ করেন, গতকাল বিকেলে উপজেলা বিএনপির সভাপতি ইউনুছ তালুকদার, সাধারণ সম্পাদক মো. মহসিন চৌধুরী ও যুবদলের মো. ইলিয়াছ রাঙ্গুনিয়া থানায় আইয়ুবকে ছাড়িয়ে নিতে যান। এ সময় থানার সামনে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। এতে তাঁরা আহত হন।রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ হাসনাত জানান, আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক আরজু সিকদার ও ছাত্রলীগের সভাপতি বি কে লিটন চৌধুরী বলেন, যুবলীগ ও ছাত্রলীগের কোনো কর্মী বিএনপির নেতাদের মারধর করেননি।রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, ‘উপজেলা বিএনপির কয়েকজন নেতা আইয়ুব খানকে ছেড়ে দেওয়ার জন্য চাপাচাপি করেন। এমনকি তাঁরা থানার ক্যাম্পাসে প্রতিবাদ সভা করার চেষ্টা করেন। পুলিশি বাধায় তাঁরা চলে যান। তবে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বিএনপির নেতাদের ওপর হামলা চালিয়েছেন কি না, জানি না। এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।’