রাঙ্গুনিয়ায় বিডিআর ব্যবসায়ী সংঘর্ষ, এক হাজার ঘনফুট কাঠ জব্দ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গোডাউন এলাকায় গতকাল সোমবার সকালে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদস্যদের সঙ্গে কাঠ ব্যবসায়ীদের সংঘর্ষ হয়েছে। এতে স্থানীয় চার ব্যবসায়ী আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। উত্তেজিত কাঠ ব্যবসায়ীরা বিডিআর সদস্যদের ঘেরাও করে পাথর নিক্ষেপ ও বন বিভাগের গাড়ি ভাঙচুর করেন। পরে কাপ্তাই বিডিআর ক্যাম্পের দুই প্লাটুন সদস্য ঘটনাস্থলে গিয়ে দুটি করাতকল থেকে এক হাজার ঘনফুট গামারি কাঠ জব্দ করেন। জব্দ করা কাঠের মূল্য প্রায় ২০ লাখ টাকার বেশি বলে জানা গেছে।চন্দ্রঘোনা বনজদ্রব্য পরীক্ষণ ফাঁঁড়ির কর্মকর্তা নজরুল ইসলাম মিয়াজি জানান, গতকাল সকালে গোডাউন এলাকার দুটি করাতকল থেকে বিপুল পরিমাণ গামারি কাঠ পাচারের খবর পেয়ে বিডিআরের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। তবে ব্যবসায়ীদের দাবি, ওই কাঠ সংরক্ষিত বনাঞ্চলের নয়, পারিবারিক বাগানের। এই কাঠ জব্দ করার কোনো নিয়ম নেই। কাপ্তাই বিডিআর ক্যাম্পের অপারেশন কর্মকর্তা মেজর এনামুল করিম জানান, পারিবারিক বাগানের কাঠ বা সংরক্ষিত বনাঞ্চলের কাঠ—সেটা বড় কথা নয়। কাঠ যেখানে পাওয়া যাবে সেখান থেকে জব্দ করা হবে।