রাঙ্গুনিয়ায় বিদ্যুৎ সঞ্চালন লাইন মরণফাঁদে পরিণত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার প্রত্যন্ত এলাকায় টানা বিদ্যুৎ সঞ্চালন লাইন মরণফাঁদে পরিণত হয়েছে। এসব লাইনে জড়িয়ে প্রতিবছর মানুষের মৃত্যু ও সম্পদহানি হলেও এ নিয়ে কারও নজরদারি নেই। এলাকাবাসী জানান, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ উপজেলার ১৫ ইউনিয়ন ও পৌরসভার ৭৬টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ করে। তন্মধ্যে ৬৫ গ্রামের বিদ্যুৎ সরবরাহ লাইন এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেখানে প্রায়ই মৃত্যুর ঘটনা ঘটছে। সরেজমিনে দেখা যায়, ঘরের ছাদ, গাছ, খাল-বিল, নদী-নালার ওপর দিয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন টানা হয়েছে। এসব লাইনের নিচে কাজকর্ম ও চলাফেরা করার সময় মানুষ তারে জড়িয়ে পড়ছে।স্থানীয় লোকজন জানান, ২০১২ সালের শুরুতে পৌরসভার সৈয়দবাড়ী এলাকায় রুমা আকতার (১৬) বাড়ির ছাদে, ওই সালের মার্চ মাসে স্বনির্ভর ইউনিয়নের মজুমদারখীল গ্রামের ইউসুফ (৩১) ঘরের পাশ দিয়ে টানা বিদ্যুতের লাইনে, ২০১০ সালের মে মাসে চন্দ্রঘোনা পাঠানপাড়া গ্রামের ফোরকান (২৮) নির্মাণাধীন ঘরের ছাদে ও নভেম্বর মাসে দোভাষী বাজারের ব্যবসায়ী বিপ্লব দাশ (৩৫) দোকানের পাশ দিয়ে টানা বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান। রাঙ্গুনিয়া থানা সূত্র জানায়, ২০০৮ সালের মাঝামাঝি সময় থেকে বিদ্যুতের তারে জড়িয়ে শতাধিক লোকের প্রাণহানি হয়। তড়িৎ আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ঘরবাড়ি, দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে কোটি টাকার সম্পদহানি হয়েছে। উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি জহুরুল আনোয়ার বলেন, বিদ্যুৎ লাইনে জড়িয়ে বিয়োগান্ত ঘটনা ঘটলেও পল্লী বিদ্যুৎ দায়িত্ব নেয় না। দুর্ঘটনা লেগে থাকা সত্ত্বেও পল্লী বিদ্যুৎ সমিতি অপরিকল্পিতভাবে লাইন টেনে চলেছে। পল্লী বিদ্যুৎ সমিতি-২ রাঙ্গুনিয়া কার্যালয়ের হিসাবরক্ষক মজিবুর রহমান বলেন, উপজেলার ৭৬টি গ্রামে ৭৫০ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন টানা রয়েছে, যা দীর্ঘ ২৫ বছরের পুরোনো। অধিকাংশ ক্ষেত্রে বিউবোর টানা লাইনের স্থলেই লাইন পুনঃস্থাপন করা হয়েছে। ফলে লাইনগুলো ঝুঁকিপূর্ণ। পল্লী বিদ্যুৎ সমিতি-২ রাঙ্গুনিয়া কার্যালয়ের উপব্যবস্থাপক হুমায়ুন কবির বলেন, বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিষ্কার রাখতে প্রতি মাসে ডালপালা কাটা হয়। তবু ঝোড়ো হাওয়ায় ডালপালা ভেঙে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। এ ছাড়া বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ছিঁড়ে খাল, বিল, নদী, মাটি ও ঘরের ছাদে পড়ে দুর্ঘটনা ঘটে। লাইন ঝুঁকিমুক্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।