রাঙ্গুনিয়ায় বৃদ্ধের বসতঘর ভেঙে ভিটাভূমি দখল
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের দক্ষিণপাড়া ভান্ডারি গেট এলাকায় ৬৭ বছরের বৃদ্ধ খায়েজ আহমদের বসতঘর ভেঙে ভিটাভূমি দখল করা হয়েছে। ২০ সেপ্টেম্বরের এ ঘটনার পর ওই বৃদ্ধ পরিবার-পরিজন নিয়ে খোলা আকাশের নিচে রাত যাপন করছেন।স্থানীয় একাধিক সূত্র জানায়, খায়েজ আহমদ পৈতৃক সূত্রে পাওয়া পদুয়া মৌজার বিএস ২৮২৭ দাগের ১০ শতক ভিটাভূমির ওপর বসতঘর ও দোকান নির্মাণ করে বসবাস করে আসছেন। কিন্তু দ্বারিকোপ এলাকার সাইর আহমদের ছেলে ছাবের আহমদ (৩০) কয়েকজন সহযোগী নিয়ে ২০ সেপ্টেম্বর সকালে ওই জমি কেনার কথা বলে বসতঘরের বেড়া ও খুঁটি উপড়ে ফেলেন। এর পর থেকে খায়েজ আহমদ ভিটাভূমির পাশে খোলা আকাশের রাত যাপন শুরু করেন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে ছাবের আহমদ বলেন, ‘আমার বাবার বাবা খায়েজ আহমদের বাবার কাছ থেকে ওই জমি ক্রয় করেছেন। ফলে ওই জমি দখলে নেওয়া হয়েছে।’খায়েজ আহমদ বলেন, ‘আমার বাবার বাবা ছাবের আহমদের বাবার বাবার কাছে কোনো জমি বিক্রয় করেনি। মিথ্যা দলিল দেখিয়ে ছাবের আহমদ এ জমি জবর দখল করেছে।’ এ ব্যাপারে ২৪ সেপ্টেম্বর চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ফৌজদারি মামলা করেন। কিন্তু বয়োবৃদ্ধ হওয়ায় তিনি ওই মামলা চালাতে পারছেন না বলে জানান।