রাঙ্গুনিয়ায় বোরকা পরা দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোহাম্মদ হোসাইন (৩৮) নামে যুবলীগের এক কর্মী বোরকা পরা দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। আহত হয়েছেন আলতাফ ও মোহাম্মদ বাচা নামে যুবলীগের অন্য দুই কর্মী। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ ( চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার মরিয়মনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা স্থানীয় যুবলীগের কর্মী বলে জানা গেছে।
রাঙ্গুনিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালীউল্লাহ যুবলীগ কর্মী নিহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে জানান, মোহাম্মদ হোসাইন ও তাঁর রাজনৈতিক সহকর্মীদের নিয়ে রাঙ্গুনিয়ার মরিয়মনগরের চৌমুহনী এলাকায় গতকাল সন্ধ্যায় ব্যক্তিগত কার্যালয়ে বসেছিলেন। এ সময় বোরকা পরা তিন যুবক সিএনজিচালিত অটোরিকশা করে এসে তাঁদের লক্ষ৵ করে গুলি করে। এ সময় গুরুতর আহত হন তাঁরা। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিত্সক হোসাইনকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে চমেক হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া প্রথম আলোকে জানান, আহত দুজনকে রাত পৌনে ১০টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁদের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আলতাফের পেটে ও মোহাম্মদ বাচার পিঠে গুলি লেগেছে।
ওসি ওয়ালিউল্লাহ তাত্ক্ষণিকভাবে এই হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ জানাতে পারেননি। ঘটনার বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি আরজু সিকদারের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও সংযোগ বন্ধ পাওয়া যায়। স্থানীয় সূত্র জানায়, অভ্যন্তরীণ কোন্দল কিংবা চাঁদাবাজির বাগ-বাঁটোয়ারা নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।