চট্টগ্রামের সব কটি উপজেলায় বোরো চাষাবাদ শেষের পথে হলেও রাঙ্গুনিয়ায় ২০ ভাগ জমিতে এখনো চাষাবাদ শুরু হয়নি। পানির অভাবে মই দিতে না পারায় চাষাবাদে নামতে পারছেন না কৃষকেরা। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল খালেক জানান, শুষ্ক মৌসুমে সেচ দিয়ে রাঙ্গুনিয়ার সব কটি বিলে বোরো চাষাবাদ হয়, যা আমন ধান ঘরে তোলার ৪০-৪২ দিনের মধ্যে সম্পন্ন হয়। কিন্তু চলতি মৌসুমে দুই মাস পার হলেও কৃষকেরা পানির অভাবে বোরো চাষাবাদে নামতে পারেননি।উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, রাঙ্গুনিয়ায় ১৮ হাজার ৭৫৫ হেক্টর চাষ-উপযোগী জমি রয়েছে। তার মধ্যে এবার সেচের আওতায় আট হাজার ১৫০ হেক্টর জমিতে বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, যার ২০ ভাগ জমিতে এখনো বোরো চাষাবাদ হয়নি।গুমাই বিলের কৃষক আশরাফ জানান, চলতি মৌসুমে চট্টগ্রাম জেলার সব কটি উপজেলায় বোরো চাষাবাদ শেষের পথে। অথচ রাঙ্গুনিয়ায় পানির অভাবে জমিতে মই দেওয়া সম্ভব হচ্ছে না। পাউবোর রাঙ্গুনিয়া উপজেলা উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন জানান, বিলগুলোতে পানি সেচ দেওয়ার লক্ষ্যে সেচখালগুলো খনন করা হয়েছে। খালে পানি সরবরাহ করার জন্য ১৯৮টি পাম্প বসানো হয়েছে। কিন্তু বিদ্যুতের অভাবে অধিকাংশ পাম্প বন্ধ থাকায় পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। উপজেলা কৃষি কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর কর্মকর্তারা উপজেলা সদরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে চাষাবাদ এলাকায় বন্ধ রাখেন। ফলে পানির অভাবে বোরো চাষাবাদ পিছিয়ে পড়েছে। পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর উপব্যবস্থাপক হুমায়ুন কবির বলেন, রাঙ্গুনিয়ায় ১২ মেগাওয়াট বিদ্যুতের বিপরীতে সরবরাহ পাওয়া যায় দুই-তিন মেগাওয়াট, যা দিয়ে রাঙ্গুনিয়ার কোথাও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব নয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী বোরো চাষাবাদের জন্য রাঙ্গুনিয়ায় বিদ্যুৎ সরবরাহ বাড়েনি। ফলে বোরো চাষাবাদ ব্যাহত হচ্ছে।