রাঙ্গুনিয়ায় ভাবনাকেন্দ্র থেকে বুদ্ধমূর্তি চুরি, ছয়জন গ্রেপ্তার
চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার উত্তর ঘাটচেক এলাকায় একটি বৌদ্ধ ভাবনাকেন্দ্র থেকে বুদ্ধমূর্তি চুরির ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত থাকার দায়ে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে চুরি যাওয়া বুদ্ধমূর্তিটিও উদ্ধার করা হয়। গত সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। কেন্দ্রের পরিচালক শাসনপ্রীয় মহাস্থবির জানান, সোমবার দিবাগত রাত নয়টায় ছয়জন চোর সংঘবদ্ধ হয়ে অর্থবীর ইন্টারন্যাশনাল ভাবনাকেন্দ্রে হানা দেয়। সেখান থেকে তারা ১০টি কম্বল, একটি মূল্যবান বুদ্ধমূর্তি ও দানবাক্স ভেঙে দুই হাজার টাকা চুরি করে নিয়ে যায়।রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার ফরিদ উদ্দিন, সহকারী পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) নিজাম উদ্দিন ও থানার তিনজন উপপরিদর্শক অভিযান চালান। রাতের মধ্যে ঘটনায় জড়িত ছয় চোরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে কম্বলসহ বুদ্ধমূর্তিটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।