রাঙ্গুনিয়ায় মরিয়ম নগর উচ্চবিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান
‘প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। অসৎ সঙ্গ পরিবার, সমাজ, গ্রাম ও জাতিকে ধ্বংস করে দিতে পারে। জাতিকে উন্নতির শিখরে পৌঁছাতে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে নতুন প্রজন্মকে।’
৪ মে রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর বহুমুখী উচ্চবিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ এ কথা বলেন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন এম শাহ আলম চৌধুরী কলেজের পরিচালনা পরিষদের সভাপতি এম এ মান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকতার হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার, সহসভাপতি ইলিয়াছ কাঞ্চন চৌধুরী, প্রকৌশলী শওকত হোসেন ও হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণাকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম ফয়সাল।
বক্তব্য দেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আইয়ুব রানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কান্তি চৌধুরী, শিক্ষক মুক্তি সাধন বড়ুয়া, নুরুল ইসলাম, মাহাবুবুল হক, আবদুল কুদ্দুছ, মো. রফিক প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।