রাঙ্গুনিয়ায় মেয়র-সমর্থক গ্রেপ্তার, চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ
রাঙ্গুনিয়া পৌর মেয়রের এক সমর্থককে গ্রেপ্তারের প্রতিবাদে তাঁর সমর্থকেরা গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করেছে। প্রায় তিন ঘণ্টার অবরোধের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যায় অবরোধ তুলে নিতে গেলে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ হয়।গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ অবরোধ তুলে নেওয়া হয়। গ্রেপ্তার হওয়া ওই কর্মীর নাম জামাল উদ্দিন। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর মোরশেদের সঙ্গে যোগাযোগ করলে এ নিয়ে তিনি কোনো কথা বলতে রাজি হননি। ব্যস্ততার অজুহাত দেখিয়ে পরে কথা বলবেন বলে জানান। সূত্র জানায়, গত বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে বন ও পরিবেশমন্ত্রী এবং স্থানীয় সাংসদ মো. হাছান মাহমুদ স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপজেলা যুবলীগের আহ্বায়ক সামসুদ্দোহা সিকদার ওরফে আরজু রাঙ্গুনিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। সূত্র আরও জানায়, গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার রোয়াজারহাটে মেয়রের সমর্থকেরা সামসুদ্দোহা সিকদারের ওপর হামলা চালায়। এ ঘটনায় পরদিন শুক্রবার ৪৫ জনকে আসামি করে সামসুদ্দোহা থানায় মামলা করেন।অভিযোগ দেওয়ার তিন দিন পর সোমবার পুলিশ সে মামলা তালিকাভুক্ত করে। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ এ মামলার আসামি জামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। এরপর তাঁকে ছেড়ে দিতে খলিলুর রহমানের সমর্থকেরা চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে।