রাঙ্গুনিয়ায় যুবলীগ ও ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ১৬
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সেগুনবাগিচা এলাকায় গত শনিবার বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাসান মাহমুদের উপস্থিতিতে যুবলীগ ও ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে এ ঘটনার জের ধরে তাদের মধ্যে আরেক দফা সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অন্তত ১৬ জন আহত হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি পক্ষিশালা উদ্বোধনের জন্য বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাসান মাহমুদ শনিবার রাঙ্গুনিয়ার হোছনাবাদ ইউনিয়নের সেগুনবাগিচায় আসেন। তাঁর আগমন উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে সমবেত হন। দুপুর দুইটার দিকে প্রতিমন্ত্রী পক্ষিশালার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন। এ সময় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস কাঞ্চন হোছনাবাদ ইউনিয়নের যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীকে সরিয়ে দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ওমর ফারুক ও হোছনাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আহত হন।বিকেলে অনুষ্ঠান শেষে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী চলে গেলে হোছনাবাদ ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপজেলা ও চন্দ্রঘোনা ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর হামলা চালান। এতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এবং উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা শুরু করে। এতে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস কাঞ্চন গুরুতর আহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ইলিয়াস কাঞ্চনের সমর্থকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে।উপজেলা যুবলীগের আহ্বায়ক আরজু সিকদার প্রথম আলোকে বলেছেন, ভুল বোঝাবুঝির কারণে দুই পক্ষের নেতা-কর্মীদের এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত আলমগীর হোসেন বলেন, উপজেলা ও চন্দ্রঘোনা ইউনিয়নের যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের প্রভাব বিস্তার নিয়ে এ সংঘর্ষ হয়েছে। রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, ইটপাটকেলে রাঙ্গুনিয়া থানার কোদালা পুলিশ ফাঁড়ির হাবিলদার জগদীশ চন্দ্র দাশ ও কনস্টেবল পঙ্কজ আহত হন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।