রাঙ্গুনিয়ায় শীতজনিত মড়কে ঝরে যাচ্ছে পান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতজনিত মড়কে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের পানখেতের পান ঝরে যাচ্ছে। কীটনাশক ও সার প্রয়োগেও ফল পাচ্ছেন না চাষিরা। এতে তাঁদের লোকসান গুনতে হচ্ছে। চাষিরা জানান, উপজেলার ১৫ ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় পানখেত রয়েছে। শীতের তীব্রতার কারণে এসব খেতের পানের গায়ে কালচে দাগ দেখা দেয়। পরে পান ঝরে পড়ে। কৃষি কর্মকর্তাদের পরামর্শে কীটনাশক ও জৈব সার প্রয়োগেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। এক মাস ধরে এই সমস্যা দেখা যাচ্ছে।মরিয়মনগর কাটাখালী গ্রামের পানচাষি শাহ আলম বলেন, এক মাস আগে তাঁর ১০ শতক জমির পান মড়কে আক্রান্ত হয়ে ঝরে পড়ে। এই জমিতে পানের চাষ করতে তাঁর ৬০ হাজার টাকা খরচ হয়েছে। স্বনির্ভর ইউনিয়নের সাহাপাড়া গ্রামের পানচাষি পরিতোষ সাহা জানান, তিনি ৩০ শতক জমিতে পানের চাষ করেন। যা থেকে বছরে তিন লাখ টাকা আয় হয়। এবার এক লাখ ২০ হাজার টাকা খরচ করে পানের চাষ করেছেন। কিন্তু তীব্র শীতে পান ঝরে যাওয়ায় তাঁকে লোকসান গুনতে হচ্ছে। রাঙ্গুনিয়া উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা উত্তম কুমার বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৪৫০ একর পানখেত রয়েছে। অধিকাংশই খেতই শীতজনিত মড়কে আক্রান্ত। তিনি বলেন, ‘মড়ক মোকাবিলায় আমরা সতর্কতার সঙ্গে কাজ করছি।’উপজেলা কৃষি কর্মকর্তা আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, শীতের সময় পানখেতে মড়ক দেখা দেয়। শীত কমলেই এই সমস্যা নিরসন হবে।