রাঙ্গুনিয়ায় সাত হাজার ৯০০ হেক্টর জমিতে বোরো চাষ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এবার সাত হাজার ৯০০ হেক্টর জমিতে বোরো চাষ হচ্ছে না। সেচসুবিধার আওতায় না আসায় এসব জমি বোরো আবাদের বাইরে থেকে যাচ্ছে।রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কার্যালয়ের হিসাবমতে, চলতি মৌসুমে উপজেলার ৩৪টি বিলের আট হাজার ৪০০ হেক্টর জমিতে বোরো চাষ হচ্ছে। বর্ষা মৌসুমে ১৬ হাজার ৩০০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। সেচের অভাবে সাত হাজার ৯০০ হেক্টর জমিতে বোরো চাষ হচ্ছে না। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাফিজ হাসান জানান, প্রতি শুষ্ক মৌসুমের মতো এবারও রাঙ্গুনিয়া উপজেলার খরস্রোতা নদী ইছামতী ও কর্ণফুলী নদী শুকিয়ে যাচ্ছে। ফলে সেচকল দিয়ে বিলের প্রত্যন্ত এলাকায় পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। কোনো কোনো বিলের পাশে খাল বা নদী কিছুই নেই। এ কারণে বিলগুলো সেচের বাইরে থেকে যায়।রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, পানি সেচসুবিধার আওতায় আনা গেলে প্রতি শুষ্ক মৌসুমে উপজেলার সাত হাজার ৯০০ হেক্টর জমিতে বোরো চাষাবাদ সম্ভব হতো। এসব জমির প্রতি হেক্টরে ৭ দশমিক ৫ মেট্রিক টন হিসাবে অতিরিক্ত প্রায় ৬০ হাজার মেট্রিক টন বোরো ধান উৎপাদন হতো, যার বাজারমূল্য প্রায় ১০০ কোটি টাকা। তিনি আরও জানান, ঘাগড়া খাল, কুরমাই খাল, মুন্দরি খাল, ত্রিপুরা সুন্দরি খাল, সিলফলিয়া ছড়া, হাশেম খাল, রইস্যাবিলি খাল, গোচরা খাল, গুনগুনিয়া খাল ও কাটাখালি মহাফেজ খাল খনন করলে সব কটি বিলের জমি পানি সেচের আওতায় আসবে। ইছামতী নদী ও শিলক খাল খনন করে পানি ধারণ করার ব্যবস্থা করলে এসব বিলের উঁচু জমিতেও সেচ-সরবরাহ করা সম্ভব হবে, যা করতে এক মৌসুমে উৎপাদিত বোরো ধানের আয়ের অর্ধেক অর্থও ব্যয় হবে না।রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী এ প্রসঙ্গে প্রথম আলোকে জানান, আমন মৌসুমের মতো শুষ্ক মৌসুমেও বিলের সবটুকু জমি বোরো চাষের আওতায় আনার চেষ্টা চলছে। শিলক খালে রাবার ড্যাম বসিয়ে তৈলভাঙা বিলের দেড় হাজার একর জমি ইতিমধ্যে সেচসুবিধার আওতায় আনা হয়েছে। ইছামতী নদীতে রাবার ড্যাম বসিয়ে সাতটি বিল সেচসুবিধার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কমপক্ষে চার হাজার হেক্টর জমিতে শুষ্ক মৌসুমে বোরো চাষ করা সম্ভব হবে।