রাঙ্গুনিয়ায় সেই জমিতে বোরো আবাদ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া গুমাইবিলের প্রায় দুই হাজার একর জমিতে গত শুক্রবার দিবাগত রাত থেকে বোরো আবাদ শুরু হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর রাঙ্গুনিয়া কার্যালয়ের কর্মীরা ওই দিন সন্ধ্যায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর বিলের সেচকলগুলো জমিতে পানি সরবরাহ শুরু করে। তিনটি ট্রান্সফরমার চুরি হওয়ায় ওই বিলে সেচকলগুলো দিয়ে পানি সরবরাহ করা সম্ভব হচ্ছিল না। কয়েকজন কৃষক জানান, গত বছর ২৮ ডিসেম্বর দিবাগত রাতে গুমাইবিলের সেচকলের বিদ্যুৎ সরবরাহ লাইনের মরিয়মনগর চৌমুহনীসংলগ্ন বৈদ্যুতিক খুঁটির তিনটি ট্রান্সফরমার চুরি হয়। এতে বিলে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এ বিষয়ে ২৮ জানুয়ারি প্রথম আলোতে ‘রাঙ্গুনিয়ায় দুই হাজার একর জমিতে বোরো চাষাবাদ বন্ধ’ শীর্ষক শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। ওই দিনই সন্ধ্যায় চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর রাঙ্গুনিয়া কার্যালয়ের কর্মীরা কাছেই অন্য একটি বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমার থেকে বিলের পাঁচটি সেচকলে বিদ্যুৎ সংযোগ দেন।