রাঙ্গুনিয়ায় হাতি মেরে দাঁত, শুঁড় ও কান কেটে নিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় একটি বন্য হাতির মৃতদেহ পাওয়া গেছে। হাতিটির দাঁত, শুঁড়, পায়ের নখ ও কানসহ শরীরের বিভিন্ন অংশের মাংস কেটে নেওয়া হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা সত্যজিৎ রায় জানান, খুরুশিয়া বন বিটের কর্মকর্তা-কর্মচারীরা গতকাল শুক্রবার সন্ধ্যায় কাজ শেষে ফেরার পথে সুখবিলাস এলাকার ধুইল্যা ছড়ার আগায় হাতির মৃতদেহটি দেখতে পান। এর মাথায় আঘাতের চিহ্ন থেকে ধারণা করা হচ্ছে, শিকারিরা হাতিটিকে গুলি করে হত্যা করেছে।সত্যজিৎ রায় জানান, শিকারিরা হাতিটিকে হত্যার পর পায়ের নখ, দাঁত, শুঁড় ও কানসহ শরীরের বিভিন্ন অংশের মাংস কেটে নিয়ে গেছে। এ ঘটনায় শুক্রবার রাতে রাঙ্গুনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ময়নাতদন্তের পর হাতিটির মৃতদেহ মাটিচাপা দেওয়া হবে।রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চালানো হবে।