রাঙ্গুনিয়ায় ১০ দিনে ১৩ শিশু নিখোঁজ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কয়েকটি এলাকা থেকে গত ১০ দিনে ১৩ শিশু নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে এক শিশুকে মৃত ও চার শিশুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এদিকে শিশু পাচারের চেষ্টার সন্দেহে স্থানীয় জনতা তিন ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।এলাকাবাসী জানান, গত ২১ জুলাই তিন ব্যক্তি আতর বিক্রেতা সেজে পদুয়া ইউনিয়নের নাপিত পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী রেশমী আক্তার (১০) ও দ্বিতীয় শ্রেণীর ছাত্রী পলি আক্তারকে (৭) ফুসলিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেন। স্থানীয় জনতা টের পেয়ে অটোরিকশাটি ধাওয়া করে। পরে গ্রামের ব্রীজঘাটা এলাকায় সেটি আটক করে শিশু দুটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। জনতা ওই তিন ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। আটক হওয়া ব্যক্তিরা হলেন—মো. সামশুদ্দিন (৪২), রফিক উল্লাহ (৫৩) ও দুলাল হোসেন (৩৮)। তাঁদের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার মধুরাম গ্রামে। পুলিশ জানায়, তাঁদের চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান মিশনারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী আরও জানান, ১৩ জুলাই সুখবিলাস গ্রামের সিনেমার টিলা গ্রামের আরব উল্যাহর মেয়ে সীমা আকতার (৮) ও ছেলে কাইয়ূম উদ্দিন (৫) এবং আরজ মিয়ার মেয়ে শারমিন আকতার (৬) বাড়ির পাশের রাস্তায় খেলার সময় নিখোঁজ হয়। ১৬ জুলাই রাতে গ্রামের ডরভাঙা পাহাড় থেকে শিশু তিনটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের সুখবিলাস শারজাহ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সীমাকে মৃত ঘোষণা করেন। গ্রামবাসী জানান, ১৭ জুলাই উপজেলার বাঙ্গালহালিয়া গ্রামের লালমিয়ার ছেলে নয়ন (৬) ও কবির আহমদের ছেলে মনসুর (৫) নিখোঁজ হয়। এখন পর্যন্ত তাদের খোঁজ মেলেনি।পোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, ১৪ জুলাই উত্তর পোমরা খোন্দকারপাড়া গ্রামের মোহাম্মদ ইলিয়াছের ছেলে মোহাম্মদ ছাবের হোসেন (১১) মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়। এ ছাড়া ১৯ জুলাই নিখোঁজ হয় জঙ্গল পোমরা গ্রামের সুবিদ আলীর মেয়ে তারিন (৭)। তাদের এখনো সন্ধান মেলেনি। রাঙ্গুনিয়ার পৌর কাউন্সিলর আকবর হোসেন জানান, ১৫ জুলাই ভিক্ষুক সেজে এক নারী পৌর এলাকার মুরাদনগরের জাগের হোসেন কলোনির আতাউর রহমানের ছেলে রাসেলকে (৩) চুরি করে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এ ছাড়া দক্ষিণ পৌর এলাকার নোয়াগাঁওয়ের সেকান্দর হোসেনের মেয়ে রেজোয়ানা (৮) গত ১৮ জুলাই নিখোঁজ হয়।রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবল আলম জানান, ইউনিয়নের ঠান্ডাছড়ি এলাকার বেতবুনিয়া গ্রামের আবুল হাশেমের ছেলে নাসির উদ্দিন (৬) গত ১৭ জুলাই ও বগাবিলি গ্রামের নুরুল আবছারের ছেলে আদনান (৭) গত ২২ জুলাই নিখোঁজ হয়। এখনো তাদের খোঁজ পাওয়া যায়নি।রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক গোলাম মোস্তফা জানান, ১০ দিনে রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৩টি শিশু নিখোঁজের খবর পাওয়া গেলেও থানায় সাধারণ ডায়েরি হয়েছে চারটি। তিনি বলেন, ব্রীজঘাটা থেকে আটক হওয়া তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে শিশু নিখোঁজের রহস্য বের হয়ে আসতে পারে।