রাঙ্গুনিয়ায় ১০ দোকানে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের কাটাখালী বাজারে আগুনে ১০টি দোকানঘর পুড়ে গেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. কামাল উদ্দিন ভুঁইয়া জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে রাত পৌনে তিনটায় আগুন লাগে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি গাড়ি ঘটনাস্থলে যায়। ভোর চারটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন। আগুনে ১০টি দোকানঘর ও মালামাল পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।

সূত্র জানায়, আগুনে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নগরে গুদামে আগুন: নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, নগরের পাহাড়তলীর এ কে খান মোড় এলাকায় গাড়ির পুরোনো ইঞ্জিনের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল শুক্রবার বেলা সোয়া একটার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ কে খান মোড়ের একটি গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত। খবর পেয়ে নগরের তিনটি ফায়ার স্টেশনের সাতটি গাড়ি ঘটনাস্থলে যায়। বেলা তিনটার দিকে আগুন নেভানো হয়। আগুনে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।