রাঙ্গুনিয়ায় ১২ লাখ টাকার সেগুন কাঠ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে ১২ লাখ টাকার চোরাই সেগুন কাঠ উদ্ধার করেছে। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের খুরুশিয়া রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা গত তিন দিনে অভিযান চালিয়ে এসব কাঠ উদ্ধার করে। তবে প্রভাবশালী মহলে চাপের মুখে আরও প্রায় ৫০ হাজার টাকা মূল্যের সেগুন কাঠ আটক করেও ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বন কর্মকর্তারা। পদুয়া খুরুশিয়া বন বিট কর্মকর্তা দিলীপ বড়ুয়া জানান, ১৭ অক্টোবর রাত আটটায় বাঙালহালিয়া সেনা ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় পাঁচটি জিপভর্তি ৫০০ ঘনফুট সেগুন কাঠ রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের রাজারহাট এলাকা থেকে আটক করা হয়, যার বাজারমূল্য ১০ লাখ টাকা। ১৬ অক্টোবর সন্ধ্যা ছয়টায় পদুয়া ইউনিয়নের দশমাইল এলাকা থেকে জিপযোগে পাচারের সময় ১০০ ঘনফুট সেগুন কাঠ আটক করা হয়, যার বাজারমূল্য দুই লাখ টাকা। ১৫ অক্টোবর পশ্চিম খুরুশিয়া গীতাপাড়া গ্রাম থেকে ৩০ ঘনফুট সেগুন কাঠ আটক করে, যার বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা আমির হামজা এ প্রসঙ্গে বলেন, সেগুন কাঠ পাচারের ঘটনায় একাধিক মামলা হলেও কাঠচোরেরা সরকার দলের অনুসারী পরিচয় দিয়ে পার পেয়ে যাচ্ছে। ফলে কাঠচোরদের প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।