রাঙ্গুনিয়ায় ১২০০ গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের মঘাইছড়ি এলাকার ধর্মগোদায় একটি বাগান থেকে দুর্বৃত্তরা এক হাজার ২০০ গাছ কেটে ইটভাটায় বিক্রি করে দিয়েছে। গত ২৮ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত এসব গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দায়ের করায় দুর্বৃত্তরা গতকাল বুধবার সকালে বাগানমালিক মোজাহেরুল ইসলামের ওপর হামলা চালায়।মোজাহেরুল ইসলাম অভিযোগে জানান, উপজেলার খলিফাপাড়া গ্রামের সফিউল আজম ওরফে সইফ্যা কয়েকজন সহযোগী নিয়ে গত ২৮ ডিসেম্বর তাঁর বাগানের আকাশমনি, গামারি, কাঁঠালসহ নানা প্রজাতির গাছ কেটে স্থানীয় বিভিন্ন ইটভাটায় বিক্রি শুরু করে। গাছ কাটতে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা দা, কিরিচ ও বন্দুক নিয়ে তেড়ে আসে। এ ব্যাপারে পাঁচজন দুর্বৃত্তের নামে ওই দিন তিনি রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দায়ের করেন।তিনি জানান, কেটে নেওয়া প্রতিটি গাছের বর্তমান বাজারমূল্য প্রায় দুই হাজার টাকা। এ ছাড়া দুর্বৃত্তরা বাগানের চার শতাধিক কলাগাছেরও ক্ষতিসাধন করেছে।ইসলামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইকবাল হোসেন জানান, পুলিশের নির্দেশ পেয়ে গত ৩০ ডিসেম্বর ইউপির চৌকিদার পাঠিয়ে গাছ কাটা বন্ধ রাখার জন্য বলা হলেও দুর্বৃত্তরা কর্ণপাত করেনি। পরে ৪ জানুয়ারি বিকেলে পুলিশ বাগানে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।এদিকে থানায় অভিযোগ করায় ওই দুর্বৃত্তরা গতকাল বুধবার সকালে ইসলামপুর ইউনিয়নের গাবতল এলাকায় মোজাহেরুল ইসলামকে মারধর করে। দুর্বৃত্তরা তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও তিনি জানান।রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান গাছ কাটার সত্যতা স্বীকার করে বলেন, দুর্বৃত্তদের বিরুদ্ধে শুধু গাছ কাটা নয়, ইটভাটা ও বাঁশ-কাঠবাহী ট্রাক থেকে নিয়মিত চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে। গাছ কাটার অভিযোগে এদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।এ ব্যাপারে অভিযুক্ত সফিউল আজম বলেন, ‘অভিযোগকারী ব্যক্তির বাগানের পাশে আমার বাগান রয়েছে। সেখান থেকে গাছ কাটা হয়েছে। তাঁর গাছ কে কেটেছে, সে ব্যাপারে আমি অবগত নই।’