রাঙ্গুনিয়ায় ১৩ ভাটার সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১৩টি ইটভাটায় অভিযান চালিয়ে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা এবং চার হাজার ঘনফুট কাঠ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার রাণীরহাটের আশপাশের ১৩টি ইটভাটায় এই অভিযান চালানো হয়। প্রতিটি ইটভাটার বিরুদ্ধে পরিবেশদূষণ এবং গাছ দিয়ে ইট পোড়ানোর অভিযোগ আনা হয়। এর মধ্যে একটি ইটভাটার এক লাখ টাকা, সাতটির ৫০ হাজার টাকা করে, একটির ৪০ হাজার, একটির ২০ হাজার, তিনটির ১৫ হাজার টাকা করে মোট ৫ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসব ইটভাটা থেকে চার হাজার ঘনফুট কাঠ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন বলেন, ‘রাঙ্গুনিয়ার রাণীরহাট এলাকায় শতাধিক ইটভাটা আছে। আমরা প্রথম দিনে ১৩টিতে অভিযান চালাই। এসব ইটভাটা পরিবেশ দূষণ করছে। এ ছাড়া আশপাশ এলাকার গাছ কেটে এনে ইটভাটায় পোড়ানো হচ্ছে। আমাদের এই অভিযান নিয়মিত চলবে।’
২০১৩ সালের পর রাঙ্গুনিয়ার কোনো ইটভাটারই ছাড়পত্র নবায়ন করেনি পরিবেশ অধিদপ্তর।