রাঙ্গুনিয়ায় ৩৬ ঘণ্টা হরতাল কর্মসূচি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ৩৬ ঘণ্টা হরতাল পালন করবে পৌর নাগরিক কমিটি। রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত দুই মেয়র পদপ্রার্থীর সমর্থকেরা পৌর নাগরিক কমিটির ব্যানারে এ কর্মসূচি পালনের ঘোষণা দেন। কর্মসূচির অংশ হিসেবে কাল রোববার অর্ধদিবস ও মঙ্গলবার পূর্ণদিবস হরতাল পালনের কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।পৌর নাগরিক কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন জানান, রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী কামরুল ইসলাম চৌধুরী ও শাহাজাহান সিকদারের মনোনয়নপত্র বৈধতার রায় স্থগিত, সমর্থকদের ওপর পুলিশি হামলা, ৩০০ সমর্থকের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে এ কর্মসূচি নেওয়া হয়। উল্লেখ্য, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শাহাজাহান সিকদার ও রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কামরুল ইসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধতার রায় গত বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ডিভিশনে স্থগিত করা হয়। খবর পেয়ে দুই মেয়র পদপ্রার্থীর সমর্থকেরা বুধবার চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বিক্ষোভ করে দুই কিলোমিটার অংশে গাছের গুঁড়ি ও টায়ার পুড়িয়ে আটটি ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। রাঙ্গুনিয়া থানার পুলিশ ওই সময় বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে। এতে মেয়র পদপ্রার্থী শাহাজাহান সিকদারসহ ৫০ জনেরও বেশি সমর্থক আহত হন। এ ছাড়া পুলিশ শাহাজাহান সিকদারকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা ৩০০ সমর্থকের বিরুদ্ধে থানায় মামলা করে।