রাজ ঠাকরের অভিযোগ মুম্বাই সংঘাতের জন্য বাংলাদেশিরা দায়ী!
মুম্বাইয়ে গত সপ্তাহের সংঘাতের জন্য বাংলাদেশি অভিবাসীদের দায়ী করেছেন ভারতের কট্টরপন্থী হিন্দু নেতা রাজ ঠাকরে। তিনি বলেন, সবকিছুরই একটা সীমা আছে। পুলিশ ও কর্মকর্তাদের ওপর তাঁরা (বাংলাদেশিরা) হামলা চালাতে পারে না। আসাম ও মিয়ানমারে মুসলমানদের ওপর নিপীড়নের প্রতিবাদে মুসলিম সংগঠনগুলো ১১ আগস্ট দক্ষিণ মুম্বাইয়ে এক সমাবেশ করে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে দুজন নিহত হয়। মুসলিম সংগঠনগুলোর জবাব হিসেবে মঙ্গলবার দক্ষিণ মুম্বাইয়ে সমাবেশ করে উগ্রবাদী হিন্দুদের সংগঠন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)। সমাবেশে মুসলমানদের আক্রমণ করে বক্তব্য দেন এমএনএসের প্রধান রাজ ঠাকরে। তিনি বলেন, এই ধরনের ঘটনায় তাঁর দল পুলিশের পাশে থাকবে। সংঘাত এড়াতে পুলিশ এদিন শুধু আজাদ ময়দানে সমাবেশের অনুমতি দিলেও রাজ ঠাকরে একটি বিশাল মিছিল নিয়ে মেরিন ড্রাইভ থেকে আজাদ ময়দানে যান। মিছিলে প্রায় ৫০ হাজার লোক অংশ নেয়। এতে পুরো দক্ষিণ মুম্বাই অচল হয়ে যায়। অবৈধ বাংলাদেশি অভিবাসীরা ভারতের প্রধান বাণিজ্যিক নগর মুম্বাইয়ের জন্য হুমকিতে পরিণত হয়েছে দাবি করে রাজ ঠাকরে বলেন, উত্তর প্রদেশ ও বিহারকে তাঁরা নিজেদের স্বর্গরাজ্য বানিয়েছে। এখন সেখান থেকে তাঁরা মুম্বাইয়ে ঢুকছে এবং গোলমাল করছে। লোকসভায় ১৭ আগস্ট এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রীণিত কাউর জানান, দেশটিতে বর্তমানে ৮৩ হাজার অবৈধ বাংলাদেশি অভিবাসী রয়েছে। গত তিন বছরে ফেরত পাঠানো হয়েছে ২৩ হাজার ৬২৩ জনকে। এমএনএসের ঘনিষ্ঠ দল বিজেপির সভাপতি নীতিন গডকারিও চলতি মাসের গোড়ার দিকে রাজ্যসভায় বাংলাদেশিদের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দেন। বিজেপি নেতারা সেদিন আসামে দাঙ্গার জন্য বাংলাদেশিদের দায়ী করে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবি করেন। টাইমস অব ইন্ডিয়া।