রাজউক উত্তরা মডেল কলেজে বই নিয়ে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কৈশোর তারুণ্যে বই’ স্লোগানে রাজউক উত্তরা মডেল কলেজে আগামীকাল শনিবার ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে তিন দিনের বইমেলা। এ আয়োজনে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত থাকছে বইকেন্দ্রিক নানা কর্মসূচি।
বইমেলার সমন্বয়ক অ্যাডর্ন পাবলিকেশনের প্রধান নির্বাহী সৈয়দ জাকির হোসাইন প্রথম আলোকে জানান, শনিবার সকাল ১০টায় কলেজ মিলনায়তনে সম্মিলিতভাবে বইমেলা উদ্বোধন করবেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এম এম সালেহীন, কথাসাহিত্যিক আনিসুল হকসহ অংশগ্রহণকারী প্রকাশকবৃন্দ।
শিশু-কিশোরদের বইয়ের বিপুল সমাহার নিয়ে বইকেন্দ্রিক নানা আয়োজনে থাকছে ছাত্রছাত্রীদের বই পড়ার অভিজ্ঞতা বলার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।
অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানসমূহ হচ্ছে প্রথমা প্রকাশন, অনন্যা, অনুপম প্রকাশনী, অ্যাডর্ন পাবলিকেশন, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ইকরিমিকরি, কাকলী প্রকাশনী, জাগৃতি প্রকাশনী, বিশ্বসাহিত্য কেন্দ্র, বেঙ্গল পাবলিকেশন্স, ভাষাচিত্র ও সময় প্রকাশন।