রাজউক উত্তরা মডেল সারা দেশে সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফল্যের ধারা বজায় রেখেছে রাজউক উত্তরা মডেল কলেজ। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় সারা দেশে এবারও প্রথম হয়েছে প্রতিষ্ঠানটি। বিদ্যালয়টির ৩৮৯ জন শিক্ষার্থীর মধ্যে ৩২৭ জন জিপিএ-৫ পেয়েছে।সকাল থেকেই অভিভাবকদের সঙ্গে নিয়ে কলেজ প্রাঙ্গণে ভিড় করে শিক্ষার্থীরা। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে তারা। আনন্দে কখনো আলিঙ্গন করে সহপাঠীকে, কখনো অভিভাবককে।কলেজের পাসের হার শতভাগ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৮৪.০৬ শতাংশ।জিপিএ-৫ পেয়ে বাবা মনসুর আহমেদ আর মা ফিরোজা বেগমকে বারবার জড়িয়ে ধরছিল আসিফ আহমেদ। আনন্দাশ্রু চিকচিক করছিল ফিরোজা বেগমের চোখে। জানালেন, ছেলে অসুস্থ থাকায় ফল নিয়ে চিন্তিত ছিলেন তাঁরা।কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. ইমামুল হুদা প্রথম আলোকে বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য সম্ভব হয়েছে। তিনি বলেন, রাজউক ফলনির্ভর শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ার লক্ষ্য নিয়ে শিক্ষার্থীদের শিক্ষা দেয় না। এখানে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল মনন তৈরির দিকে লক্ষ রাখা হয়।