রাজউক ও আবাসন কোম্পানির কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমোদন
একটি আবাসন কোম্পানির স্বার্থ রক্ষায় ভূমির প্রকৃত মালিককে ছাড়পত্র না দেওয়ার অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উপ-নগর পরিকল্পনাবিদ মো. আশরাফ আলী আখন্দসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার কমিশনের নিয়মিত সভায় মামলার অনুমোদন দেওয়া হয়। দুদকের দায়িত্বশীল সূত্র জানায়, রোববার অনুসন্ধানকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক এস এম রফিকুল ইসলাম এ বিষয়ে মামলা করবেন।
রাজউকের এ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিষ্ঠানটির ভূমি ছাড়পত্রের শর্ত ভঙ্গ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলার অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর সঙ্গে যোগসাজশে এ দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইস্টার্ন হাউজিং লিমিটেডের সিনিয়র এক্সকিউটিভ ডিরেক্টর নাজিম নওয়াজ চৌধুরীর বিরুদ্ধেও মামলার অনুমোদন দিয়েছে কমিশন।
জানা গেছে, হারুন অর রশিদ নামের এক ব্যক্তির আমমোক্তার বুড়িগঙ্গা রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর হোসেন। তিনি দুদকে অভিযোগ করেন, রাজউক কর্তৃক জমিতে ইমারত নির্মাণের সব শর্ত ও জমিসংক্রান্ত সব কাগজপত্র সঠিক এবং জমিটি অভিযোগকারীর নিজ দখলে থাকা সত্ত্বেও রাজউকের উপ-নগর পরিকল্পনাবিদ ভূমি ব্যবহারের ছাড়পত্র না দিয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে হয়রানি করছেন। এমন অভিযোগ আমলে নিয়ে দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।
দুদকের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ইস্টার্ন হাউজিং লিমিটেডের স্বার্থ রক্ষায় ভূমির প্রকৃত মালিককে রাজউকের উপ-নগর পরিকল্পনাবিদ মো. আশরাফ আলী আখন্দ ছাড়পত্র দেননি। আর এ কাজে ইস্টার্ন হাউজিংয়ের প্রতিনিধি হিসেবে ভূমি ছাড়পত্র প্রদানে বিরত রাখার জন্য প্রভাবিত করেছেন প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর নাজিম নওয়াজ চৌধুরী। এসব অভিযোগে এ দুজনের বিরুদ্ধে ১৯৪৭ সালের ২ নম্বর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুদক।