রাজউক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি আবাসন কোম্পানির স্বার্থ রক্ষায় ভূমির প্রকৃত মালিককে ছাড়পত্র না দেওয়ার অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উপনগর পরিকল্পনাবিদ মো. আশরাফ আলী আখন্দসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার রাজধানীর মতিঝিল থানায় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক এস এম রফিকুল ইসলাম।
দুদক সুত্র জানিয়েছে, হারুন অর রশিদ নামের এক ব্যক্তির আমমোক্তার বুড়িগঙ্গা রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর হোসেন। তিনি দুদকে অভিযোগ করেন, জমিতে ইমারত নির্মাণের সব শর্ত ও জমিসংক্রান্ত সব কাগজপত্র সঠিক এবং জমিটি অভিযোগকারীর নিজ দখলে থাকা সত্ত্বেও রাজউকের উপনগর পরিকল্পনাবিদ ভূমি ব্যবহারের ছাড়পত্র না দিয়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে হয়রানি করেছেন। এ অভিযোগ আমলে নিয়ে দুদক অনুসন্ধান শুরু করে।
অনুসন্ধানে দেখা যায়, উপনগর পরিকল্পনাবিদ মো. আশরাফ আলী আখন্দ ইস্টার্ন হাউজিং লিমিটেডের স্বার্থ রক্ষায় ভূমির প্রকৃত মালিককে ছাড়পত্র দেননি। এ কাজে ইস্টার্ন হাউজিংয়ের প্রতিনিধি হিসেবে ভূমি ছাড়পত্র না দিতে তাঁকে প্রভাবিত করেছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক নাজিম নওয়াজ চৌধুরী।
গত বৃহস্পতিবার কমিশনের নিয়মিত সভায় এ দুজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়।
বিডিবিএলের ডিজিএমকে দুদকে তলব: অনৈতিক আর্থিক সুবিধা নেওয়ার বিনিময়ে অদক্ষ লোক নিয়োগ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এ কে এম শফিকুল ইসলামকে তলব করেছে দুদক। গতকাল সংস্থাটির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম তলবি নোটিশটি পাঠিয়েছেন। নোটিশে ১২ মার্চ সকাল সাড়ে নয়টায় তাঁকে দুদকে হাজির থাকতে বলা হয়েছে।