রাজউক কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলা
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একজন কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার রমনা থানায় মামলাটি (মামলা নম্বর ৪১) করেন দুদকের উপসহকারী পরিচালক মো. নুর আলম।
দুদকের জনসংযোগ বিভাগ মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছে। অভিযুক্ত ওই কর্মচারীর নাম সালাউদ্দিন মিয়া। তিনি রাজউকের নিম্নমান সহকারী। মামলায় তাঁর বিরুদ্ধে ১ কোটি ১৪ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং ১ কোটি ১৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, সালাউদ্দিন মিয়ার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধান চলাকালে তাঁকে সম্পদ বিবরণী দেওয়ার জন্য নোটিশ দেয় সংস্থাটি। এর পরিপ্রেক্ষিতে সালাউদ্দিন মিয়া ১ কোটি ৮ লাখ টাকার সম্পদের হিসাব জমা দেন। কিন্তু দুদকের অনুসন্ধানে ২ কোটি ২২ লাখ টাকার সম্পদ পাওয়া যায়। এ কারণে অনুসন্ধান কর্মকর্তা তাঁর বিরুদ্ধে মামলার সুপারিশ করলে কমিশন তা অনুমোদন দেয়।