রাজউক কলেজে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি সম্প্রসারণ
রাজধানী উত্তরার রাজউক মডেল কলেজে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের সহায়তায় ‘বই পড়া’ কর্মসূচি সম্প্রসারণ করল বিশ্বসাহিত্য কেন্দ্র। গতকাল বুধবার সকালে রাজউক কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এবং বিকাশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর উপস্থিত শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় বিকাশের চিফ এক্সটারনাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম এবং রাজউক উত্তরা মডেল কলেজের উপাধ্যক্ষ মো. আমিনুর রহমান খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য পরিচালিত বই পড়া কর্মসূচির দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমে সহায়তা প্রদানের উদ্দেশ্যে ২০১৬ সালে বিশ্বসাহিত্য কেন্দ্রকে ৩৫ হাজার বই প্রদান করেছে বিকাশ লিমিটেড। এই কর্মসূচির আওতায় গতকাল রাজউক কলেজে এই বই পড়া কর্মসূচির সম্প্রসারণ করা হয়। ২০১৪ ও ২০১৫ সালে বিকাশ এই কর্মসূচির জন্য যথাক্রমে ৩৪ ও ৩০ হাজার বই প্রদান করেছে।
দেশে আলোকিত মানুষ গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র ৩৭ বছর ধরে সারা দেশে স্কুল ও কলেজ ছাত্রছাত্রীদের জন্য নানাবিধ উৎকর্ষ কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের মধ্যে এটি সবচেয়ে উল্লেখযোগ্য কর্মসূচি। বর্তমানে এ কর্মসূচির আওতায় সারা দেশে প্রায় দুই হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের দুই লাখের মতো ছাত্রছাত্রী এই কর্মসূচির আওতায় রয়েছে। ২০১৪ সাল থেকে বিকাশ এই বই পড়া কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত।