রাজউক কলেজের ছাত্রসহ দুজন খুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের এক ছাত্র খুন হয়েছে।গতকাল রোববার উপজেলার খড়িয়ালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সজীব খান (১৭) রাজউক উত্তরা মডেল কলেজে একাদশ শ্রেণীতে পড়ত।সে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী গ্রামের মাজু খানের ছেলে।এ দিকে ঢাকার সাভারের দক্ষিণ রাজাসনে বাসার শৌচাগার থেকে গতকাল সালমান ফাহাদ (১০) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আশুগঞ্জ থানার পুলিশ ও নিহত সজীবের স্বজনেরা জানান, ২০ জুলাই সজীব খড়িয়ালা গ্রামে নানার বাড়ি বেড়াতে আসে। গতকাল ভোরে নানাবাড়ির লোকজন মুঠোফোনে তার বাবাকে জানায়, সজীব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। খবর পেয়ে সজীবের বাবা ও তাঁর স্বজনেরা দ্রুত ঢাকা থেকে আশুগঞ্জে ছুটে আসেন। সজীবের মুখ, গলা ও পায়ে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হলে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, নিহত সজীব খানের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার বাবা মাজু খান বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে গতকাল দুপুরে থানায় হত্যা মামলা করেছেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে খড়িয়ালা গ্রামের দীপু (২২), মামুন (২০) ও নাজিমকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা সবাই সজীবের নানাবাড়ির পাশের বাড়ির বাসিন্দা।মাজু খান বলেন, ‘আমার ছেলে এসএসসিতে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছিল। যারা আমার নিরপরাধ ছেলেকে খুন করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’স্কুল ছাত্র খুন: ফাহাদ দক্ষিণ রাজাসনের সার্ড মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে পড়ত। তার বাবা কামরুল ইসলাম একটি বায়িং হাউসে চাকরি করেন। মা সালমা বেগম গৃহশিক্ষক। বড় বোন একই স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। ফাহাদের পরিবার ও সাভার মডেল থানার পুলিশ জানায়, গতকাল দুপুরে বাসায় একা ছিল ফাহাদ। বড় বোন বাসায় ফিরে ফাহাদকে শৌচাগারের ভেতর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়দের সহায়তায় সাভারের একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা ফাহাদকে মৃত ঘোষণা করেন।বড় বোন জানায়, বাসা খালি পেয়ে খুনিরা বাসায় এসে ফাহাদকে হত্যা করে। এরপর শৌচাগারের ভেতর মৃতদেহ রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে চলে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ফাহাদের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে আঘাতজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবে কী কারণে ফাহাদকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর হত্যার কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।