রাজউক, গণপূর্ত নিয়ে মন্ত্রীর ক্ষোভ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও গণপূর্তের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তাদের বিভিন্ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে মন্ত্রী ক্ষোভ জানান।
আজ শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে আবাসন খাত নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। জাতীয় অর্থনীতিতে আবাসন খাত শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর কমিউনিকেশন নেটওয়ার্ক (সিসিএন)।
মন্ত্রী বলেন, রাজউকের কাজে মানুষ সন্তুষ্ট নয়। তাদের কাজ মানুষকে কষ্ট দেওয়া। রাজউক অন্তর্মুখী। তাদের ফরোয়ার্ডমুখী পরিকল্পনা নেই।
মোস্তফা কামাল বলেন, রাজধানী দিন দিন বাড়ছে। রাজউক কি বলতে পারবে, ২০৫০ সালে ঢাকায় কত মানুষ বাস করবে? কিন্তু তারা ক্ষমতাও ছাড়ছে না। সেখান থেকে বেরিয়ে আসতে হবে।
মন্ত্রী রাজউকের পাশাপাশি গণপূর্তের কাজ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, তাদের কাজের মান খুব খারাপ। এ প্রসঙ্গে সম্প্রতি রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে কিশোরগঞ্জে সফরের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারি সার্কিট হাউসের শৌচাগারে গেলাম। দরজার ছিটকিনি লাগানো যায় না। পানিভর্তি বালতি দিয়ে ছিটকিনির কাজ করি।
মগবাজার উড়ালসড়কের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘ডানদিকের কাজ বামদিকে। বামদিকের কাজ ডানদিকে। কী আজব ব্যাপার!’
রাজউক ও গণপূর্তের জন্য সত্যিকারের প্রশিক্ষণ দরকার বলে মন্তব্য করেন মন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার সব মানুষের জন্যই আবাসনের ব্যবস্থা করবে। আগামী ২০১৯ সালের মধ্যে সব সরকারি কর্মকর্তার জন্য শতভাগ আবাসনের ব্যবস্থা করবে। তিনি বলেন, আবাসন খাতের উন্নয়নের জন্য রাজউক ও রিহ্যাবের মধ্যে সমন্বয় থাকা দরকার।
সিসিএনের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, সাবেক সভাপতি মীর নাসির হোসেন, রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আল আমীন, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক।