রাজউক, গণপূর্তের কাজে পরিকল্পনামন্ত্রীর ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও গণপূর্তের কাজ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, রাজউকের কাজ মানুষকে কষ্ট দেওয়া। আর গণপূর্ত অধিদপ্তরের কাজের গুণগত মান খুবই খারাপ। এ জন্য তিনি এই সংস্থার জন্য সত্যিকারের প্রশিক্ষণের ব্যবস্থা করতে বললেন।
গতকাল শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে আবাসন খাত নিয়ে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ‘জাতীয় অর্থনীতিতে আবাসন খাত’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর কমিউনিকেশন নেটওয়ার্ক (সিসিএন) নামের একটি প্রতিষ্ঠান।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি রাজউক নিয়ে কেউ সন্তুষ্ট নয় এবং রাজউককে ভালো বলেছে এ ধরনের মন্তব্য আমরা পাইনি। যতটা শুনি, ততটা না-ও হতে পারে। তবে পারসেপশন ম্যাটার (ধারণা কাজ করে) করে।’ তিনি আরও বলেন, ‘রাজউক অন্তর্মুখী, তাদের ফরোয়ার্ডমুখী পরিকল্পনা নেই। তাদের কাজ হলো মানুষকে কষ্ট দেওয়া। রাজউক কি আজ বলতে পারবে ২০৫০ সালে ঢাকায় কত মানুষ বাস করবে? কিন্তু তারা ক্ষমতাও ছাড়ছে না। সেখান থেকে বেরিয়ে আসতে হবে। রাজউকের কাজ রাজউককেই ঠিক করতে হবে।’
রাজউকের পাশাপাশি গণপূর্তের কাজ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, গণপূর্ত অধিদপ্তরের কাজ হলো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসনের ব্যবস্থা করা। তবে তাদের কাজের গুণগত মান খুবই খারাপ। তাদের করা ভবনে ছিটকিনিও লাগানো যায় না।’
এ প্রসঙ্গে সম্প্রতি রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে কিশোরগঞ্জ সফরের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সার্কিট হাউসের শৌচাগারে গেলাম। দরজার ছিটকিনি লাগাতে পারি না। পরে বালতি দিয়ে ছিটকিনির কাজ করি।’
মগবাজার উড়ালসড়কের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘ডান দিকের কাজ বাম দিকে। বাম দিকের কাজ ডান দিকে। কী আজব ব্যাপার!’
আ হ ম মুস্তফা কামাল বলেন, আবাসন খাতের উন্নয়নের জন্য রাজউক ও রিহ্যাবের মধ্যে একটি সুন্দর সমন্বয় থাকা দরকার।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ অনুষ্ঠানে বলেন, কিছু কিছু আবাসন ব্যবসায়ীর কর্মকাণ্ডের কারণে এ খাতে বিশ্বাসটা কমে গেছে। এখন সময় এসেছে এ খাতকে সহায়তা করার।
রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আল আমিন তাঁর বক্তব্যে ফ্ল্যাটের দাম বেড়ে যাওয়ার কারণ হিসেবে জমি ও উৎপাদন খরচের উচ্চমূল্যকে দায়ী করেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক। তিনি এই খাতের উন্নয়নে কয়েকটি সুপারিশও তুলে ধরেন।
স্থপতি মোবাশ্বের হোসেনের সভাপতিত্বে ও সিসিএনের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, সাবেক গণপূর্তমন্ত্রী শেখ শহীদুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন, রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলাম, চিত্রনায়িকা অঞ্জনা প্রমুখ।