রাজউক চেয়ারম্যানকে ৮ জুলাই আদালতে হাজির হতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান জি এম জয়নাল আবেদিন ভুইয়াকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৮ জুলাই তাঁকে আদালতে হাজির হতে বলা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।


আদালতে আবেদীনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মো. আছরারুল হক। তিনি প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশনা অনুসারে পদক্ষেপ গ্র্রহণ না করায় আবমাননা নিয়ে করা আবেদনের ওপর রুল দিয়েছিলেন আদালত। এরপর আজ রাজউকের চেয়ারম্যানকে ব্যক্তিগতভাবে আদালতে হাজির হওয়ার নির্দেশনা চেয়ে আবেদন করা হলে আদালত এ আদেশ দেন।

আইনজীবীদের সূত্র জানায়, পৃথক তিনটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ১৯ জুলাই হাইকোর্ট রায় দেন। রায়ে রিট আবেদনকারী দিলীপ কুমার মুখার্জি, নির্মল কুমার দাস ও কাশীনাথ ঘোষকে পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পে ক্ষতিগ্রস্ত হিসেবে শর্ত অনুসারে তিন মাসের মধ্যে প্লট দেওয়ার জন্য বিবাদীদের নির্দেশ দেওয়া হয়। কিন্তু দীর্ঘ এক বছর পেরিয়ে গেলেও, রাজউক কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় রিট আবেদনকারীরা আদালত আবমাননার অভিযোগে পৃথক আবেদন করেন। এ আবেদনের শুনানির পর গত বছরের ১৯ নভেম্বর হাইকোর্ট আদালত অবমামনার রুল দেন।