রাজউক চেয়ারম্যানকে আদালতে তলব
আদালতের নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভুঁইয়াকে তলব করেছেন হাইকোর্ট৷ আগামী ৮ জুলাই তাঁকে আদালতে হাজির হতে বলা হয়েছে৷
গতকাল মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন৷
আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মো. আছরারুল হক৷ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান৷
আইনজীবী সূত্র জানায়, পৃথক তিনটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ১৯ জুলাই হাইকোর্ট এক রায়ে রিট আবেদনকারী দিলীপ কুমার মুখার্জি, নির্মল কুমার দাস ও কাশীনাথ ঘোষকে পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পে ক্ষতিগ্রস্ত হিসেবে তিন মাসের মধ্যে প্লট দেওয়ার জন্য বিবাদীদের প্রতি নির্দেশ দেন৷ কিন্তু বছর পেরিয়ে গেলেও রাজউক কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় রিট আবেদনকারীরা আদালত আবমাননার অভিযোগে পৃথক আবেদন করেন৷ এ আবেদনের শুনানি নিয়ে গত বছরের ১৯ নভেম্বর হাইকোর্ট আদালত অবমাননার রুল দেন৷ পরে রাজউক চেয়ারম্যানকে আদালতে হাজির হতে নির্দেশনা চেয়ে আবেদনকারীরা আবেদন করেন৷ এ আবেদনের শুনানি নিয়ে গতকাল আদালত আদেশ দেন৷