রাজউক ঢাকায় ঝুঁকিপূর্ণ ৩২১ ভবন চিহ্নিত করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন বলেছেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ঢাকায় ঝুঁকিপূর্ণ ৩২১টি ভবন চিহ্নিত করেছে। এর তালিকা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে পাঠানো হয়েছে।

আজ রোববার জাতীয় সংসদে স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

সংরক্ষিত আসনের সাংসদ সেলিনা বেগম জানতে চান, ঢাকা শহরের পরিত্যক্ত বাড়ি সাংসদদের মধ্যে বরাদ্দ দেওয়া হবে কি না? জবাবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বলেন, ঢাকা শহরে পরিত্যক্ত বাড়ির সংখ্যা ৬ হাজার ৪০৬টি। এসব বাড়ি মুক্তিযুদ্ধের শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বরাদ্দ দেওয়া হয়। অন্য কাউকে বরাদ্দ দেওয়ার সুযোগ নেই।

আনোয়ারুল আবেদীন খানের এক প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন বলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন ৫০৩ একর জমি বেদখল অবস্থায় আছে। আদালতে মামলা থাকায় এসব জমি উদ্ধারে অভিযান চালানো যাচ্ছে না।