রাজউক থেকে নথিপত্র গায়েব, হয়রানির শিকার জমির মালিক
নিজের প্লটে বাড়ি তৈরির জন্য আবাসন প্রতিষ্ঠানকে দেওয়া ছাড়পত্র ও নকশা অনুমোদনপত্র বাতিল করতে রাজউকে আবেদন করেছিলেন জমির মালিক রাজধানীর পল্লবীর খলিলুর রহমান। কিন্তু সেই আবেদনসংক্রান্ত নথিটি রাজউক থেকে গায়েব হয়ে গেছে।
এ কারণে রাজউকের কর্মকর্তারা আরেকটি ছায়া নথি তৈরি করে ছাড়পত্র বাতিল করেছেন বটে। তবে এখন পর্যন্ত নকশা অনুমোদনপত্র বাতিল করেননি।
খলিলুর রহমানের অভিযোগ, ওই ছায়া নথিও খুঁজে পাওয়া না যাওয়ার অজুহাতে নকশা অনুমোদনপত্র বাতিল করছে না রাজউক। শেষ পর্যন্ত গত ১২ জানুয়ারি রাজউকের কাছে আবারও আবেদন করেছেন তিনি।
খলিলুর বলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা। ২০১০ সালের আগস্টে পল্লবীর আবাসিক এলাকায় তিন কাঠা বসতভিটায় বহুতল ভবন নির্মাণের জন্য প্রাইম লাইফ ডেভেলপারসের সঙ্গে চুক্তিবদ্ধ হন। কিন্তু ওই প্রতিষ্ঠানের মালিক সাইফুল আলম রাজউকে যে কাগজপত্র জমা দেন, তাতে খলিলুর রহমানের নাম, দলিল নম্বর, হোল্ডিং নম্বরসহ প্রয়োজনীয় তথ্যাদি গোপন করেন।
নথিপত্র ঘেঁটে দেখা গেছে, খলিলুরের প্লটটি ২ দশমিক ৮৭ কাঠার। পাশেই আরেকটি প্লটের ক্রয়সূত্রে মালিক যুক্তরাষ্ট্রপ্রবাসী ফেরদৌস জাহান আউয়াল।
২০১০ সালের জুলাইয়ে ওই প্লটে সাততলা ভবন তৈরির জন্য ফেরদৌস জাহানের সঙ্গে প্রাইম লাইফের মালিক চুক্তিবদ্ধ হন। তখন দুটি প্লট একত্রীকরণের কথা বলে খলিলুরের সঙ্গে চুক্তিবদ্ধ হন সাইফুল।
দুটি প্লটে মোট জমির পরিমাণ ৫ দশমিক ৭৩ কাঠা। তবে ছাড়পত্রে ঘষামাজা করে লেখা হয়েছে ছয় কাঠা। খলিলুরের নাম ও তাঁর দলিল নম্বরসহ প্রাসঙ্গিক কোনো তথ্য নেই।
খলিলুর বলেন, ভুল তথ্যাদি দিয়েই রাজউকের নগর পরিকল্পনা শাখা থেকে ছাড়পত্র ও উন্নয়ন নিয়ন্ত্রণ শাখা থেকে অনুমোদনপত্র নেন সাইফুল। এ নিয়ে খলিলুর আপত্তি জানালে একপর্যায়ে সাইফুলের লোকজন তাঁর বাড়িতে হামলা চালান।
২০১২ সালের ৮ এপ্রিল প্রথম আলোয় ‘বাড়ি বানানোর চুক্তি করে হামলা, মামলায় দিশেহারা জমির মালিক’ শিরোনামে এ-সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়।
খলিলুর বলেন, এই পরিস্থিতিতে তিনি সাইফুলকে দেওয়া আমমোক্তারনামা বাতিল করেন। ছাড়পত্র ও নকশা অনুমোদনপত্র বাতিল করার জন্যও রাজউকের চেয়ারম্যান বরাবর আবেদন করেন। চেয়ারম্যান নগর পরিকল্পনা শাখার এক সদস্যকে বিষয়টি দেখতে বলেন।
ওই সদস্য যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আবেদনটি উন্নয়ন নিয়ন্ত্রণ শাখার অথরাইজড অফিসার-৩ বি-র কাছে পাঠান। সেখান থেকে আবার আবেদনের নথি পাঠানো হয় রাজউকের নগর পরিকল্পনা শাখায়। এরপর নথিটি গায়েব হয়ে যায়। এরপর ছাড়পত্র বাতিল করে একটি ছায়া নথি করা হয়।
তবে গত রোববার যোগাযোগ করা হলে রাজউকের সংশ্লিষ্ট অথরাইজড অফিসার মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ফাইল গায়েব হয়ে যাওয়ায় ঝামেলা হয়ে গেছে। একটি চক্র এ কাজটি করেছে। যেভাবেই হোক অচিরেই আমরা নকশা অনুমোদনপত্র বাতিল করে দেব।’
ভুল তথ্য দেওয়া ও প্রকৃত তথ্য গোপনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবাসন প্রতিষ্ঠানের মালিক সাইফুল বলেন, ‘আমার অপরিপক্বতা হতে পারে। রাজউকই ভুল করেছে।’
খলিলুর অভিযোগ করেন, রাজউক ছাড়পত্র বাতিল করার পরও নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে আবাসন প্রতিষ্ঠান। কিন্তু রাজউক নীরব।