রাজউক দুর্নীতিতে ভরপুর এর সম্পর্কে ভালো কথা শুনি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাজউক দুর্নীতিতে ভরপুর। রাজউক সম্পর্কে ভালো কথা শুনি না।’ এ মন্তব্য খোদ গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের। গতকাল মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক কর্মশালায় এ কথা বলেন তিনি।একই সঙ্গে মন্ত্রী এ-ও বলেন, যে দেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়, সেই দেশের একটি সরকারি সংস্থা দুর্নীতিমুক্ত হয়ে যাবে, এটা আশা করাও ঠিক নয়।‘বাংলাদেশে ভূমিকম্প, সুনামি ও ঝড়ের প্রকোপ এবং প্রতিরোধের উপায়’ শীর্ষক ওই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর অধিকাংশ ইমারত হয়েছে ইমারত বিধিমালা না মেনে।‘মন্ত্রী হিসেবে মন্ত্রণালয়ে বসার পরের দিনই অনুভব করি আগ্নেয়গিরির ওপরে বসে আছি। তবে আপস করতে শিখিনি, করবও না। ইমারত বিধিমালা নিয়ে অনেক তদবির। কিন্তু জনগণের স্বার্থের প্রশ্নে কোনো ছাড় নয়,’ জোরের সঙ্গে বলেন প্রতিমন্ত্রী।সন্ধ্যায় আগারগাঁওয়ে পরমাণু শক্তি কমিশন মিলনায়তনে জাইকা অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত কর্মশালায় সংগঠনের সভাপতি ও ঢাকা বিভাগীয় কমিশনার খোন্দকার শওকত হোসেন সভাপতিত্ব করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বন ও পরিবেশসচিব মিহির কান্তি মজুমদার ও বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি টাকোয়া টোডা। বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নাঈম মো. শহীদুল্লাহ, জাইকা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।মূল প্রবন্ধে জামিলুর রেজা চৌধুরী ইমারতের নকশা পাস করার ক্ষেত্রে তা ভূমিকম্পসহনীয় কি না, সে দিকে নজর রাখার ওপর জোর দেন।