রাজউক নিয়ে গণপূর্তমন্ত্রীর ক্ষোভ
রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠলেও তাতে বাধা না দেওয়ায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে গতকাল রোববার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) উদ্যোগে আয়োজিত এক সংলাপে মন্ত্রী তাঁর ক্ষোভের কথা জানান। আবাসিক এলাকায় বাণিজ্যক প্রতিষ্ঠানের উদাহরণ দিয়ে তিনি বলেন, এখন ‘ফ্রি স্টাইলে’ দেশ চলছে। রাজউক বাধা দিচ্ছে না, কিন্তু রাজউকের জনবল আছে। বেতনও নিচ্ছে। যাঁরা দায়িত্ব সঠিকভাবে পালন করেননি তাঁদের রেখে লাভ কী? যাঁরা এ বিষয়ে দায়িত্ব পালন করছেন না, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। রাজউক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা।
মোশাররফ হোসেন বলেন, নকশা পাস করার পরও অনেকে সেই নকশা অনুযায়ী ভবন তৈরি করেন না। ফুটপাত ঘেঁষে ভবন উঠছে, যখন এগুলো ভাঙতে যাওয়া হয়, তখন সেগুলোর মালিক আদালতের আশ্রয় নেন। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সচিবালয় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের খালি জায়গায় স্থানান্তরের প্রক্রিয়া চলছে। এ জন্য নকশাও করা হয়েছে। প্রতিটি মন্ত্রণালয়ের জন্য পৃথক ভবন থাকবে। টাকা পাওয়া সাপেক্ষে এই কাজ শুরু হবে।